সংবাদদাতা, ডোমকল: রানিনগরে ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হল। মৃতের নাম বিপ্লব মণ্ডল(৩৬)। বাড়ি রানিনগরের রাজানগরে। বুধবার রাতে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে গিয়েই তাঁর মৃত্যু হয়। পুলিস মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। জানা গিয়েছে, বুধবার বিপ্লবের বাড়ির মেঝে ঢালাই হয়। কাঁচা ঢালাই দেওয়া মেঝের উপর হাঁটাচলা করলে পায়ের ছাপ বসে যেতে পারে। তাই রাতে প্রস্রাব করতে বিপ্লব শৌচাগারের পরিবর্তে বাড়ির ছাদে ওঠেন। ঘুমের ঘোরে সেখান থেকেই অসাবধানতাবশত নীচে পড়ে যান। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে গোধনপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতের স্ত্রী শিখা মণ্ডল বলেন, স্বামী বাথরুম করতে ছাদে উঠেছিল। ওই সময় ঘুমের ঘোরে পড়ে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে। আমি খুবই অসহায় অবস্থায় পড়লাম।



