Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রানিনগরে বধূ আত্মঘাতী

রানিনগরে বধূ আত্মঘাতী
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ডোমকল : শ্বশুরবাড়িতে নাবালিকা বধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে  চাঞ্চল্য রানিনগরে। মৃতার নাম আয়েশা সিদ্দিকা(১৬)। রবিবার সকালে রানিনগরের শিয়ালমারী এলাকায় শ্বশুরবাড়িতে নিজের ঘরেই গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পাওয়া যায়। শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে উদ্ধার কী তৎক্ষনাৎ গোধনপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে হাসপাতাল থেকে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে পুলিস। রবিবার বিকেলে পর্যন্ত ওই ঘটনায় কারও নামে লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিস।
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, আয়েশার বাবার বাড়ি জলঙ্গির পাকুড়দিয়াড়ে। বাবার বাড়ি জলঙ্গিতে হলেও ছোটো থেকেই রানিনগরের শ্যামদাসদিয়াড়ে দিদার বাড়িতে মানুষ আয়েশা। মাস ছয়েক আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে পাশের এলাকার এক যুবকের সঙ্গে বিয়েও হয়েছে তাঁর। শ্বশুরবাড়ির লোকেদের দাবি, তাঁদের সংসারে তেমন অশান্তি ছিল না। তাঁরা দু’জন মিলে শ্বশুরবাড়িতে ভালোই ছিলেন। এদিন সকালে ভাত রান্না করা নিয়ে সকালে ছেলের সঙ্গে শাশুড়ি বৌমার একটু রাগারাগি হয়। এরপরে, কিছুক্ষণ পরেই দেখা যায় গলায় ওড়নার ফাঁস দিয়ে সিলিংয়ের সঙ্গে ঝুলছে বৌমা। এরপরে তাঁরা বধূকে উদ্ধার করে স্থানীয় গোধনপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতার পরিবারের লোকের অনুমান , আয়েশা খুব জেদী ছিলেন। হতে পারে সংসারে ছোটখাটো বিষয় নিয়ে একটু কথাকাটাকাটি হয়েছে। ওর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে তাঁদের মেয়ে।
মৃতার শ্বশুরবাড়ির এক সদস্য বলেন, রবিবার সকালে ভাত রান্না না হওয়ায় ছেলের সঙ্গে শাশুড়ি বৌমার একটু রাগারাগি হয়েছিল। এরপরেই ঘরের মধ্যে বৌমাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়। মৃতার দাদু পিয়ারুল ইসলাম বলেন, কিভাবে কি হল কিছুই বুঝে উঠতে পারছি না। ওদের সংসারে তেমন ঝামেলা অশান্তিও ছিল না। পুলিস জানিয়েছে, মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই রিপোর্ট এলেই তদন্ত প্রক্রিয়া অনেকটা এগিয়ে নিয়ে যাওয়া হবে। পাশপাশি পরিবারের লোকেদের জিজ্ঞাসাবাদ চলছে।
সম্পর্কিত সংবাদ