সংবাদদাতা, ডোমকল: আগ্নেয়াস্ত্রের হাতবদলের আগেই এক কারবারিকে গ্রেপ্তার করল পুলিস। বৃহস্পতিবার ভোর রাতে গোপনসূত্রে খবর পেয়ে রানিনগরের ঝোড়াপাড়া রামচন্দ্রপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের কাছে থেকে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করেছে রানিনগর থানার পুলিস। ধৃতের নাম রাজেশ শেখ । ধৃতের বাড়ি রানিনগরের ডুবাপাড়ায়। বৃহস্পতিবার সকালে ধৃতকে সাত দিনের পুলিসি হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত অনেকদিন ধরেই আগ্নেয়াস্ত্রের কারবারের সঙ্গে জড়িত ছিল। বৃহস্পতিবার সোর্স মারফত তাঁদের কাছে খবর আসে ওই যুবক রামচন্দ্রপুরে মাঠের মধ্যে একটি আগ্নেয়াস্ত্রের হাত বদল করবে। এরপরই সেখানে হানা দিয়ে লুকিয়ে নজরদারি চালাতে থাকে রানিনগর থানা পুলিসের একটি টিম। বৃহস্পতিবার ভোররাতে ঝোড়াপাড়ার দিকে তাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন পুলিসকর্মীরা। এরপরই তাকে জিজ্ঞাসাবাদ চালাতেই কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। শেষে তল্লাশি চালিয়ে ওই পিস্তলটিকে বাজেয়াপ্ত করে পুলিস। এরপরই ধৃতকে পাকড়াও করে থানায় নিয়ে আনা হয়। পরে ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেপ্তার করা হয়।



