সংবাদদাতা, ডোমকল: রানিনগরের শেখপাড়া কলেজ মোড়ে সোমবার মধ্যরাতে আগুনে ভস্মীভূত হল একটি কম্পিউটারের দোকান। অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহত না হলেও দোকানের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গিয়েছে। জানা গিয়েছে, শেখপাড়া পলিটেকনিক কলেজ মোড়ে একটি কম্পিউটার সামগ্রীর দোকান ছিল। ওই দোকানের মালিক নওয়াজ শরিফ অন্যান্য দিনের মতো সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। মাঝরাতে ওই দোকান থেকে আগুনের শিখা ও ধোঁয়া বেরতে দেখেন কয়েকজন পথচারী। সঙ্গে সঙ্গে তাঁরা এই দোকানের পাশে থাকা বাড়ির লোকেদের বিষয়টি জানান। তাঁরাই দোকানদারকে খবর দেন। স্থানীয় বাসিন্দারা নলকূপ ও মোটরের মাধ্যমে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। দমকল বাহিনী ও স্থানীয়দের ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে দোকানে থাকা সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বলেন, আমার নতুন কম্পিউটার ও পার্টসের দোকান। দোকানে অনেক টাকার মালপত্র ছিল।



