Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়নায় বাইক দুর্ঘটনায়  প্রৌঢ়ের মৃত্যু

রায়নায় বাইক দুর্ঘটনায়  প্রৌঢ়ের মৃত্যু
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: বর্ধমানে চিকিৎসা করাতে আসার সময় রায়না থানার গোপালপুরে পথ দুর্ঘটনায় এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন তাঁর সঙ্গীও। তিনি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মৃতের নাম রমজান আলি মণ্ডল(৫২)। মাধবডিহি থানার সাকনারা গ্রামে তাঁর বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে বাইক নিয়ে বন্ধুর সঙ্গে বর্ধমানে ডাক্তার দেখাতে আসছিলেন তিনি। গোপালপুরের কাছে তাঁদের বাইকটি পথ দুর্ঘটনার কবলে পড়ে। তাতে দু’জনই জখম হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রমজানকে মৃত ঘোষণা করেন।
Advertisement
বর্ধমান শহরে কিশোরের অস্বাভাবিক মৃত্যু: বর্ধমান শহরের বিবেকানন্দ কলেজ রোডের ছাইগাদা মাঠ এলাকায় এক স্কুলছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম অদ্রিশ হালদার(১২)। সে বর্ধমান শহরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ত। রবিবার সন্ধ্যায় ঘরে কলের পাইপে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় গৃহশিক্ষক তাকে দেখতে পান। তাকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কীভাবে গলায় ফাঁস লাগল, তা নিয়ে ধন্দে পরিবারের লোকজন। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বর্ধমান থানা।
মেমারিতে বাপেরবাড়িতে বধূর অস্বাভাবিক মৃত্যু: মেমারি থানার পালসিটে বাপেরবাড়িতে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতার নাম রূপা বিশ্বাস(২৩)। রবিবার সন্ধ্যায় ঘরে কাপড় দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হুগলির বলাগড় থানার খামারগাছিতে রূপার শ্বশুরবাড়ি। বছর খানেক আগে তাঁর বিয়ে হয়। পরিবারের দাবি, তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। চিকিৎসাও চলছিল। রোগযন্ত্রণা সহ্য করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি আত্মঘাতী হয়েছেন। 
হুগলি জেলার গুড়াপ থানার হাজিগড়ে অগ্নিদগ্ধ হয়ে এক প্রৌঢ়ার মৃত্যু হয়েছে। মৃতার নাম লক্ষ্মী মানা(৫৫)। রবিবার সন্ধ্যায় বাড়িতে তিনি অগ্নিদগ্ধ হন। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ভোরে তিনি মারা যান। রান্না করার সময় গ্যাস থেকে তিনি পুড়ে যান বলে পরিবারের দাবি। 
সম্পর্কিত সংবাদ