নাগপুর: রনজি ফাইনালে প্রথম ইনিংসে ৩৭৮ রান তুলেছে বিদর্ভ। সৌজন্যে দানিশ মালেওয়ারের ১৫৩ রান। জবাবে লড়াই চালাচ্ছে কেরলও। দ্বিতীয় দিনের শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ১৩১। ক্রিজে আদিত্য সারাওয়াতের (ব্যাটিং ৬৬) সঙ্গে রয়েছেন ক্যাপ্টেন শচীন বেবি (ব্যাটিং ৭)।
Advertisement
৪ উইকেটে ২৫৪ রান ঝুলিতে নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল বিদর্ভ। তার মধ্যে দানিশ অপরাজিত ছিলেন ১৩৮ রানে। বৃহস্পতিবার স্কোরবোর্ডে আর মাত্র ১৫ রান যোগ করেই থামেন তিনি। তাঁর ২৮৫ বলের ইনিংস সাজানো ছিল ১৫টি চার ও ৩টি ছক্কায়। দানিশ ছাড়া অবশ্য আর কেউ বড় রান পাননি। যশ ঠাকুর ২৫ ও ক্যাপ্টেন আদিত্য ২৩ রান করে আউট হন। কেরলের হয়ে নিধেশ ও টম তিনটি করে উইকেট নিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে কেরলও শুরুতে ধাক্কা খায়। রোহন কুন্নুমাল খাতাই খুলতে পারেননি। অপর ওপেনার অক্ষয় চন্দ্রনের সংগ্রহ ১৪। তবে প্রাথমিক ধাক্কা সামলে দলকে ভরসা জোগান আদিত্য-ইমরান জুটি। ইমরান ৩৭ রান করে আউট হলেও আদিত্য লড়াই চালাচ্ছেন।



