নিজস্ব প্রতিনিধি, আসানসোল: রানিগঞ্জে ফের মৃত সদ্যোজাত কন্যা উদ্ধারের ঘটনায় উদ্বেগ। বুধবার রানিগঞ্জ স্কুলপাড়া থেকে রাজপাড়া যাওয়ার রাস্তার উপর একটি কুকুরকে সদ্যোজাতের দেহ মুখে নিয়ে ছুটতে দেখা যায়। এলাকাবাসী কুকুরটির পিছু ধাওয়া করে দেহটি উদ্ধার করে। খবর যায় রানিগঞ্জ থানার পুলিসের কাছে। তারা সদ্যোজাতর দেহটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সদ্যোজাতকে কেউ বা কারা ডাস্টবিনের কাছে ফেলে দিয়ে যায়। এখান থেকে সম্ভবত কুকুরটি তাকে মুখে নিয়ে ছুটছিল। বাসিন্দাদের দাবি, এখানে একাধিক বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম রয়েছে। সেখানে মৃত বা জীবিত সন্তান প্রসবের পর কেউ ফেলে দিয়ে যেতে পারে। এর আগেও রানিগঞ্জ থেকে সদ্যোজাত কন্যা সন্তানের মৃতদেহ উদ্ধার হয়েছে। কেন বারবার একই ঘটনা ঘটছে, তা নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে পুলিস। রানিগঞ্জ থানার আইসি বিকাশ দত্ত বলেন, আমরা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছি। কীভাবে এই ঘটনা ঘটল, কারা তা ঘটাল সবই তদন্ত করা হচ্ছে।



