Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রানিগঞ্জের এক দুষ্কৃতীর হাতে সার্ভিস রিভালভার! 

রানিগঞ্জের এক দুষ্কৃতীর হাতে সার্ভিস রিভালভার! 
  • ৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: রানিগঞ্জের দুষ্কৃতীর হাতে সার্ভিস রিভালভার! হীরাপুর থানার হাতে গ্রেপ্তার হওয়া সোমনাথ দাস ওরফে দুখুর কাছ থেকে পাওয়া আগ্নেয়াস্ত্র দেখে ঘুম উড়েছে পুলিসের। সেই আগ্নেয়াস্ত্রের গায়ে নির্দিষ্ট ব্যাচ নম্বর খোদাই করা রয়েছে। সঙ্গে লেখা রয়েছে ‘মেড ইন ইউএসএ’। পুলিস ও দেশের বিভিন্ন কেন্দ্রীয় বাহিনী যে ধরনের আধুনিক অস্ত্র ব্যবহার করে এটি সেই প্রকৃতির। রানিগঞ্জের দুষ্কৃতীর হাতে এই ধরনের আধুনিক অস্ত্র এল কীভাবে তা নিয়েও চিন্তায় পড়েছে পুলিস। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, বুধবার দুখু আসানসোল থেকে একটি মিনি বাসে করে হীরাপুর আসছিল। সেই সময়ে এক সহযাত্রীর সহযোগিতায় পুলিস তাকে আটক করে। বৃহস্পতিবার অভিযুক্তকে আদালতে তুলে সাতদিনের নিজেদের হেফাজতে নিয়ে অস্ত্রের রহস্য উদ্ধারে তৎপর হয়েছে পুলিস। পুলিস জানিয়েছে, অস্ত্রটি কোথায় তৈরি, কোন নির্দিষ্ট ব্যাচের তা জানার জন্য আর্মস এক্সপার্টদের চিঠি করা হয়েছে। 
দুর্গাপুর-আসানসোল পুলিস কমিশনারেটের ডিসি সন্দীপ কাররা বলেন, একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। সেটি ফোর্সের সার্ভিস রিভলভার কি না খতিয়ে দেখা হচ্ছে। অস্ত্রের গায়ে ইউএসএ লেখা ও কিছু সংস্থার ছাপ পাওয়া গিয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে খুনের একটি মামলাও রয়েছে বলে তথ্য পাওয়া গিয়েছে। আমরা তাও খতিয়ে দেখছি। 
প্রসঙ্গত, মালদহে তৃণমূল কাউন্সিলারকে শ্যুটআউটের ঘটনায় শোরগোল পড়েছে। পুলিসের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার মাঝেই আধুনিক অস্ত্র সহ দুষ্কৃতী গ্রেপ্তার হওয়ার উদ্বেগ বেড়েছে। বুধবার বার্নপুর অভিমুখে আসা একটি বেসরকারি বাস থেকে অস্ত্র সহ দুখুকে গ্রেপ্তার করে হীরাপুর থানার পুলিস। বাসের সহযাত্রী প্রাক্তন সিআইএসএফ কর্মী শঙ্কর চৌধুরী প্রথম আগ্নেয়াস্ত্রটি দেখতে পান বলে পুলিসের দাবি। বাস থেকে তিনি চিৎকার করলে রাস্তায় থাকা পুলিস বাসে উঠে দুখুকে আটক করে। পুলিস তল্লাশি করে দেখতে পায় তার বাঁ পায়ে হাঁটুর নীচে রিভলভারটি বেঁধে রাখা রয়েছে। পুলিস জানতে পারে অভিযুক্তর বাড়ি রানিগঞ্জর রাজবাড়ি এলাকায়। সেই এলাকাতেও তার একাধিক অপরাধের সঙ্গে যোগ রয়েছে। একটি খুনের মামলাতেও সে অভিযুক্ত বলে স্বীকার করেছে। পুলিসের দাবি, হীরাপুর এলাকায় অস্ত্র দেখিয়ে ছিনতাই করার কাজেই সে আসছিল বলে দুখু স্বীকার করেছে।
সম্পর্কিত সংবাদ