নিজস্ব প্রতিনিধি, আসানসোল: রানিগঞ্জের বল্লভপুরে শাসকদলের গোষ্ঠীকোন্দলে চাঞ্চল্য ছড়িয়েছে। সেখানে তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত অঞ্চল সভাপতি অভিজিৎ ভট্টাচার্যর উপর হামলার অভিযোগ উঠল স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য অশোক হেলার ভাই কিরণ হেলা ও তাঁর দলবলের বিরুদ্ধে। অভিজিৎবাবুর অভিযোগ, কিরণ হেলা ও তাঁর লোকজন শনিবার আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁর উপর হামলা চালিয়েছে। তিনি বল্লভপুর ফাঁড়িতে চারজনের নামের লিখিত অভিযোগ জানিয়েছেন। এই ঘটনার প্রতিবাদে শনিবার রাতে বল্লভপুর ফাঁড়ি ঘেরাও কর্মসূচিও হয়েছে। সূত্রের খবর, বালির কারবার নিয়ে এলাকায় প্রভাবশালীদের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। তা থেকেই এই অশান্তির সূত্রপাত।
Advertisement
তৃণমূলের আসানসোল দক্ষিণের(গ্রামীণ) ব্লক সভাপতি দেবনারায়ণ দাস বলেন, অঞ্চল সভাপতির মৃত্যুর পর অভিজিৎকে অঞ্চল দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। কোনও পক্ষেরই গুণ্ডাগিরি করা উচিত নয়। পুলিসকে নিরপেক্ষ তদন্তের অনুরোধ করা হয়েছে।



