Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রানিগঞ্জ-২ পঞ্চায়েতে বিরোধী দলনেতাকে না জানিয়ে একাধিক বিল পাশের অভিযোগ

রানিগঞ্জ-২ পঞ্চায়েতে বিরোধী দলনেতাকে না জানিয়ে একাধিক বিল পাশের অভিযোগ
  • ১১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: মালদহের গাজোল ব্লকের তৃণমূল পরিচালিত রানিগঞ্জ-২ গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতাকে না জানিয়ে অর্থ সহ একাধিক বিল পাশের অভিযোগ উঠেছে। ৬ জানুয়ারি ওই গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা বিজেপির পবন মণ্ডল ব্লক প্রশাসনকে এনিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন। তাঁর অভিযোগ, বিরোধী দলনেতা হওয়ার পর থেকে পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্যরা তাঁকে না জানিয়েই বিল পাশ করিয়ে নিচ্ছেন। শুধু তাই নয়, সিএস ও ফর্ম নম্বর ২৬ এবং ২৭ নিয়ে পঞ্চায়েতে আলোচনা হচ্ছে না। এনিয়ে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছেন তিনি। যদিও রানিগঞ্জ-২ পঞ্চায়েত কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছেন। 
Advertisement
গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূল কংগ্রেসের রানি বিশ্বাসের স্বামী লিটন বিশ্বাস বলেন, অর্থ সহ বিভিন্ন মিটিংয়ে বিরোধী দলনেতার নিজের সই আছে। তিনি কী অভিযোগ করছেন বুঝতে পারছি না। যদি করে থাকেন তাঁর সঙ্গে সরাসরি কথা বলা হবে। পাল্টা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা বলেন, অর্থের মিটিংয়ে উপস্থিত হলে সেখানে সই করতে হয়। পরে রেজ্যুলেশন করার পর প্রধান সহ আমরা সই করব। সেটা হচ্ছে না। অনিয়ম হচ্ছে। সেটাই ব্লক প্রশাসনকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সমস্যার সমাধান না হলে বিজেপির পক্ষ থেকে আগামী দিনে বিষয়টি নিয়ে আন্দোলনে নামা হবে। 
বিজেপির গাজোল ২ মণ্ডলের সাধারণ সম্পাদক মনোতোষ মণ্ডল  বলেন, অভিযোগ গুরুতর। বিরোধী দলনেতাকে না জানিয়েই কীভাবে বিল পাশ হয়ে যাচ্ছে? অনেক গ্রাম পঞ্চায়েতে সই জাল হয়। এখানে এমন হচ্ছে কি না দেখতে হবে। আমরা আরটিআই করব। সঠিক উত্তর না পেলে আন্দোলন হবে। গাজোলের বিডিও সুদীপ্ত বিশ্বাসকে এনিয়ে একাধিক বার ফোন করা হলেও ধরেননি। প্রতিবেদন লেখা পর্যন্ত মেসেজেরও উত্তর দেননি। ব্লক প্রশাসনের অন্যান্য কর্মীরাও কিছু বলতে রাজি হননি।
সম্পর্কিত সংবাদ