নিজস্ব প্রতিনিধি, আসানসোল: গৃহস্থের বাড়ির তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল রানিগঞ্জে। শনিবার রাতে বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, সরোজ কুমার দে পরিবার নিয়ে বাইরে গিয়েছিলেন। রাতে বাড়ি পাহারা দেওয়ার জন্য একজন লোককেও রেখে যান। শনিবার রাতে সেই ব্যক্তি বাড়ি পাহারা দিতে এসে দেখেন ঘরের তালা ভাঙা। এরপরই বাড়ির মালিককে খবর দেওয়া হয়। গভীর রাতেই বাড়িতে এসে পৌঁছান পরিবারের লোকজন। পরিবারের দাবি, ১৩ ভরির বেশি গয়না ও ৩০ হাজার টাকা নগদ চুরি হয়েছে। রবিবার রানিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ উঠছে রানিসায়ের নন্দন কলোনিতে চোরের উপদ্রবে অতিষ্ট এলাকাবাসী। একের পর এক গৃহস্থের বাড়িতে চুরি হচ্ছে। তাই পুলিসি নজরদারি নিয়েও প্রশ্ন উঠেছে। আসানসোল পুলিস কমিশনারেটের ডিসি ধ্রুব দাস বলেন, একটি চুরির কথা জানতে পেরেছি। তদন্ত শুরু হয়েছে। আগে চুরি হয়েছিল কিনা খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। সরোজবাবু স্ত্রী ও ছেলেকে নিয়ে নন্দন কলোনি এলাকায় বাড়ি করে দীর্ঘদিন ধরেই বসবাস করছেন। প্রতি বছরই কালীপুজো উপলক্ষ্যে তাঁরা আদিবাড়িতে যান। এলাকায় বার বার চুরি হওয়ায় রীতিমতো আতঙ্কে ছিল পরিবারটি। তাই রাতে যাতে চুরি না হয় সেজন্য বাড়ি পাহারা দেওয়ার জন্য একজন লোককেও নিয়োগ করেন। তা সত্ত্বেও চোরের হাত থেকে রক্ষা পেল না দে পরিবার। তাঁর স্ত্রী ইতি দে বলেন, চোর প্রায় সর্বস্বই লুট করেছে। বাড়ির দরজার তালা, আলমারি সবই ভেঙেছে। তিনি আরও বলেন, এলাকায় চুরি হচ্ছিল তাই রাতে বাড়ি পাহারা দেওয়ার জন্য লোক রেখেছিলাম। দিনের বা সন্ধ্যায় এতবড় চুরি হয়ে যাবে তা ভাবতে পারিনি।
Advertisement
এলাকার তৃণমূল নেতা সাধন সিং বলেন, নন্দন কলোনি এলাকায় ধারাবাহিকভাবে চুরি হচ্ছে। আমরা চাই চোরের দল ধরা পড়ুক। মানুষ যথেষ্ট আতঙ্কে রয়েছে।



