নিজস্ব প্রতিনিধি, আসানসোল: রবিবার রানিগঞ্জ বইমেলার সূচনা হল। উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, জেলাশাসক পোন্নমবলম এস, আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, আসানসোল রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সোমাত্মানন্দ। এদিন দুপুরে রানিগঞ্জের বিভিন্ন স্কুলের পড়ুয়ার সুসজ্জিত হয়ে বইমেলার উদ্বোধনী মিছিলে অংশ নেয়। বর্ণাঢ্য মিছিলটি সিয়ারসোল রাজ ময়দান মাঠে বইমেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। পশ্চিম বর্ধমান জেলায় আসানসোলে জেলা বইমেলার পাশাপাশি রানিগঞ্জেও পৃথক বইমেলার আয়োজন করেছে গ্রন্থাগার ও জনশিক্ষা প্রসার দপ্তর। যার মূল উদ্যোক্তা রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এবার মেলা ১১ জানুয়ারি পর্যন্ত চলবে। ৪৫টি কলকাতার প্রকাশনী সংস্থার পাশাপাশি মোট ৯০টি বইয়ের স্টল রয়েছে। জেলাশাসক পোন্নমবলম এস পড়ুয়াদের উদ্দেশে বলেন, শরীর চর্চা যেমন শরীর সুস্থ রাখে তেমনই বই পড়লে মন সুস্থ থাকে। তাই সকলের বই পড়া উচিত। এদিন মন্ত্রী বলেন, রানিগঞ্জের গ্রস্থাগারটি আধুনিক মানের গড়ে তুলতে যা খরচ লাগে দপ্তর দেবে। বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।



