Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রানাঘাট শহরে মর্মান্তিক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

রানাঘাট শহরে মর্মান্তিক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: বৃহস্পতিবার গভীর রাতে রানাঘাট শহরে মর্মান্তিক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতদের নাম অয়নদীপ হালদার(২১) ও অরিজিৎ পাল(২৪)। তাঁরা দু’জনেই রানাঘাট শহরের বাসিন্দা। অয়নদীপ কয়েক মাস আগেই নতুন বাইক কিনেছিলেন। সেই বাইক নিয়েই বাড়ি ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়েন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ওই দুই যুবকের একটি অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ ছিল। অয়নদীপের সদ্য কেনা বাইকে চড়ে দু’জনে সেই অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন। রাত প্রায় ১১টা নাগাদ তাঁরা বাইকে ফিরছিলেন। জাতীয় সড়ক সংলগ্ন ওল্ড বহরমপুর রোডে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, একটি টোটোকে পাশ কাটাতে গিয়ে তাঁরা বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপরই বাইকটি রাস্তার পাশে একটি প্রাচীর এবং লাগোয়া বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। সেই ধাক্কা এতটাই জোরে ছিল যে বিদ্যুতের খুঁটি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। ওই দুই যুবক বাইক থেকে ছিটকে পড়েন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে তাদের রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক অরিজিৎ ও অয়নদীপকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অয়নদীপের বাড়ি ছোট বাজার এলাকায়। তাঁর বাবা সুজিত হালদার রানাঘাট পুরসভার কর্মী। ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দা অম্বিকা রায় বলেন, দুর্ঘটনায় তরতাজা দু’টো প্রাণ চলে গেল। আমরা মর্মাহত।
Advertisement
সম্পর্কিত সংবাদ