নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: মদ্যপান করার পর ‘ইচ্ছে’ হয়েছিল আগুন লাগানোর। এই ভয়ানক খেয়ালের বশেই রানাঘাটের রায়নগরে একই পাড়ার পাঁচটি বাড়িতে আগুন লাগিয়েছিল শম্ভু মণ্ডল। গ্রেপ্তারির পর মঙ্গলবার তাকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
Advertisement
পুলিস জানিয়েছে, ধৃত ব্যক্তি ধানতলা থানা এলাকার পুরাতন চাপড়ার বেলেআটিপাড়ার বাসিন্দা। পেশায় কৃষক ওই যুবক মাঝেমধ্যেই রায়নগরের উত্তরপাড়ার পঞ্চবটিতলায় যেত। ঘটনার দিন ওই এলাকায় গিয়ে সে মদ্যপান করেছিল। তারপর নেশার ঘোরে হঠাৎ তার মাথায় আগুন লাগানোর খেয়াল চাপে। ওই পাড়ার রাস্তা দিয়ে যাওয়ার সময় সে একাধিক বাড়ির সামনে থাকা দাহ্যবস্তুতে আগুন ধরিয়ে দেয়। তার এই কাণ্ড এলাকার একটি সিসি ক্যামেরায় বন্দি হয়। সেই ফুটেজ দেখেই রানাঘাট থানার কুপার্স ফাঁড়ির পুলিস তদন্তে নামে। রায়নগরেরই অন্য প্রান্ত থেকে তাকে গ্রেপ্তার করে পুলিস।



