নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: জুয়ার ঠেকে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করল রানাঘাট থানার কুপার্স ফাঁড়ির পুলিস। শনিবার দ্বারকানগর পার্ক এলাকার একটি জুয়ার ঠেকে অভিযান চালানো হয়। সেখানে জুয়ার বোর্ড থেকে ৪৯০০ টাকা উদ্ধার হয়েছে। তদন্তকারীরা জানান, দিনের পর দিন ধরে ওই এলাকায় গোপনে জুয়াখেলা চলছিল। সম্প্রতি সেই ব্যবসার রমরমা দেখা দেয়। খবর পেয়ে এদিন কুপার্স ফাঁড়ির পুলিস গিয়ে ওই জুয়ার ঠেক ভেঙে দেয়।সম্প্রতি তাহেরপুর, ধানতলা, হাঁসখালি, গাংনাপুর সহ একাধিক থানা এলাকায় জুয়ার ঠেকের বিরুদ্ধে পুলিস অভিযান চালিয়েছে। পুলিসের এক কর্তা বলেন, যে কোনও বেআইনি কারবারের বিরুদ্ধে আমরা সবসময় সক্রিয় রয়েছি। জুয়ার ঠেক কোনওভাবেই চলতে দেওয়া হবে না।



