নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: বাড়ির বেলগাছে বাঁধা দোলনায় খেলা করছিল ছোট্ট বালক। আর সেই দোলনার দড়ি গলায় জড়িয়ে শ্বাসরোধ হয়ে মৃত্যু হল ওই বালকের। মৃত বালকের নাম দেবজ্যোতি পাল(৮)। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে রানাঘাট থানা এলাকার নাসরায়। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, রানাঘাট দুই ব্লকের শ্যামনগর গ্রাম পঞ্চায়েত এলাকার সবুজপল্লির বাসিন্দা বিশ্বজিৎ পালের বাড়ি লাগোয়া একটি মুদিখানার দোকান রয়েছে। সোমবার দুপুরে বাড়িতেই একটি বেলগাছের সঙ্গে বাঁধা দোলনায় চেপে খেলা করছিল তাঁর একমাত্র ছেলে দেবজ্যোতি। কোনওভাবে দোলনার দড়ি দেবজ্যোতির গলায় পেঁচিয়ে যায়। বেশকিছুক্ষণ পর অচৈতন্য অবস্থায় তাকে দেখতে পায় পরিবারের লোকজন। সঙ্গে সঙ্গে তাকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, চিকিৎসক জানিয়ে দেন, দেবজ্যেতি মারা গিয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।



