নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: ফের জুয়ার ঠেকে হানা দিয়ে সাফল্যের মুখ দেখল পুলিস। এবার শান্তিপুরে জুয়ার ঠেক থেকে পাঁচ জুয়াড়িকে গ্রেপ্তার করল শান্তিপুর থানা। সেইসঙ্গে উদ্ধার হয়েছে নগদ প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা। গত প্রায় সপ্তাহখানেক ধরে গোটা রানাঘাট পুলিস জেলায় জুয়ার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পুলিস। জেলার উত্তর থেকে দক্ষিণে ইতিমধ্যেই একাধিক ঠেক ভেঙেছে তারা। সেইসঙ্গে গ্রেপ্তারি এবং অর্থ উদ্ধারও হয়েছে। রবিবার গোপন সূত্রে খবর পেয়ে শান্তিপুর থানার মুন্সীরপুল ধামার বাগান এলাকায় হানা দেয় পুলিস। হদিশ মেলে জুয়ার ঠেকের। সেখান থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বেআইনিভাবে জুয়া খেলার জন্য। সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে প্রায় ৫ হাজার ৪৫০ টাকা।



