সংবাদদাতা, ইটাহার: রন্ধন উৎসবের মধ্য দিয়ে ইটাহারের বানবোল উচ্চ বিদ্যালয়ে শেষ হল ছাত্রসপ্তাহ পালন। দুটি বিভাগে বিভক্ত হয়ে পড়ুয়ারা বিভিন্ন খাবার তৈরি করে। পঞ্চম থেকে সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীরা আগুন ছাড়া রান্না করে। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা আগুনে রান্না করে। বৃহস্পতিবার ৩০ জন পড়ুয়া ৪০ ধরনের খাবার তৈরি করে স্টল দেয়। পিঠে, পায়েস থেকে গাঁজরের হালুয়া, কাশ্মীরি পোলাও থেকে ঝালমুড়ি- সবকিছুই নিজের হাতে তৈরি করে পড়ুয়ারা। পড়ুয়াদের এই রন্ধন উৎসবে যোগ দেন ইটাহারের জয়েন্ট বিডিও দিলবার হুসেন। তিনি সমস্ত স্টলে গিয়ে প্রধান শিক্ষক চন্দ্রনারায়ণ সাহার সঙ্গে পড়ুয়াদের হাতে তৈরি খাবারের স্বাদ নেন। প্রধান শিক্ষক জানান, মূলত আগামীদিনে পড়ুয়াদের স্বনির্ভর করা ও রান্নার কাজে লিঙ্গ বৈষম্য দূর করতে আমাদের এই উদ্যোগ। দুটি বিভাগের সেরাদের পুরস্কৃত করা হবে স্কুলের বার্ষিক অনুষ্ঠানে।



