সংবাদদাতা, বর্ধমান: রায়না থানার বুরার গ্রামে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তাঁকে খুনের অভিযোগে প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম চন্দন সিং। বুরার গ্রামেরই সিংহপাড়ায় তার বাড়ি। বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে তাকে পুলিস গ্রেপ্তার করেছে। শুক্রবার ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হলে পাঁচদিন পুলিস হেফাজতের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ঘরে বাঁশের কাঠামোয় দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায় মৌসুমি মালিককে(৩৩)। খবর পেয়ে পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মেয়েকে খুন করা হয়েছে বলে রায়না থানায় অভিযোগ দায়ের করেন মৃতার বাবা শ্রীকান্ত মালিক। তাঁর অভিযোগ, মেয়ে চন্দনের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল। পরে সেই সম্পর্ক ছিন্ন হয়ে যায়। সেজন্য তাঁর মেয়েকে ফোনে হামেশাই উত্যক্ত করত। এমনকী খুনের হুমকি পর্যন্ত দেওয়া হতো। স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মেয়েকে তার বাড়িতে চলে যাওয়ার জন্য চাপ দিত চন্দন। কিন্তু তাতে রাজি হননি মৌসুমি। বুধবার রাতে চন্দন মৌসুমির বাড়িতে আসে। তাঁকে খুনের পর আত্মহত্যা বলে চালাতে দড়ি দিয়ে দেহ ঝুলিয়ে দেয়। অভিযোগ পেয়ে খুনের মামলা রুজু করেছে পুলিস।



