সংবাদদাতা, বর্ধমান: বালি বোঝাই একটি ট্রাক্টর বাজেয়াপ্ত করেছে রায়না থানার পুলিস। বালি পাচারে জড়িত থাকার অভিযোগে ট্রাক্টরের চালককে গ্রেপ্তার করা হয়েছে। রায়না থানার বাঁধগাছায় তার বাড়ি। পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে শিয়ালি-বাঁধগাছা রোড ধরে জামালপুরের দিক থেকে ট্রাক্টরটি আসছিল। বাঁধগাছা কালীতলা মোড়ের কাছে পুলিস ট্রাক্টরটি আটকায়। চালক বালির বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারেনি বলে পুলিসের দাবি। দামোদর থেকে অবৈধভাবে বালি তুলে তা চড়া দামে বিক্রির জন্য ট্রাক্টরে করে নিয়ে যাওয়া হচ্ছিল বলে চালককে জিজ্ঞাসাবাদ করে জেনেছে পুলিস। শুক্রবার ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ধৃতকে দু’দিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেন সিজেএম।



