Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়ানে ১০৯ জনকে কাস্ট সার্টিফিকেট দিলেন জেলাশাসক

রায়ানে ১০৯ জনকে কাস্ট সার্টিফিকেট দিলেন জেলাশাসক
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বৃহস্পতিবার বর্ধমান-১ ব্লকের রায়ান-২ পঞ্চায়েতের সাঁবাড় গ্রামে গিয়ে কাস্ট সার্টিফিকেট দিলেন খোদ জেলাশাসক আয়েশা রানি এ। এদিন ১০৯জনের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি জেলাশাসক এলাকার বাসিন্দাদের কাছ থেকে সমস্যার কথা শোনেন। সরকারি সুবিধা তাঁরা পাচ্ছেন কি না তা জানতে চান। কয়েকজনের অভিযোগ তিনি নথিভুক্ত করেন। সেগুলি দ্রুত সমাধান করা হবে বলেও জানান। জেলাশাসক বলেন, কাস্ট সার্টিফিকেট দেওয়ার জন্য জেলাজুড়ে ক্যাম্প করা হচ্ছে। যাঁদের এসসি বা এসটি সার্টিফিকেট ঩নেই তাঁদের আবেদন জমা দিতে বলা হচ্ছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রায় পাঁচ হাজার কাস্ট সার্টিফিকেট কিছুদিনের মধ্যে দেওয়া হবে। এদিন ওই গ্রামে ক্যাম্প করে সার্টিফিকেট দেওয়া হয়। ক্যাম্পে জেলাশাসক ছাড়াও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক কৃষ্ণেন্দু মণ্ডল, বিধায়ক নিশীথ মালিক, সহকারী সভাধিপতি গার্গী নাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, দুয়ারে সরকার ক্যাম্প করার পরও অনেকেই এখনও কাস্ট সার্টিফিকেট পায়নি। কাদের সার্টিফিকেট নেই তা আধিকারিকরা এলাকায় গিয়ে খোঁজ নিচ্ছেন। জেলার প্রতিটি প্রত্যন্ত এলাকাতেই ক্যাম্প করা হবে বলে জেলাশাসক জানিয়েছেন। তিনি বলেন, সবাই যাতে সরকারি প্রকল্পের সুবিধা পান তার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। কাস্ট সার্টিফিকেটের জন্য কেউ আবেদন করলে নির্দিষ্ট সময়ের মধ্যেই তাঁকে তা দেওয়া হবে। এক আধিকারিক বলেন, জনপ্রতিনিধিদেরও উদ্যোগ নেওয়া দরকার। যাঁরা কার্ড পাননি তাঁদেরকে তাঁরা সহযোগিতা করতে পারতেন। আগে সার্টিফিকেট পেতে দীর্ঘ সময় গড়িয়ে যেত। এখন কিছুদিনের মধ্যেই তা পাওয়া যায়। সম্প্রতি জেলায় প্রায় ৮০টি এসটি সার্টিফিকেট বাতিল করা হয়েছে। উপযুক্ত নথি না দিয়েই তারা সার্টিফিকেটগুলি পেয়েছিল। জেলায় এধরনের আর কোনও নকল সার্টিফিকেট রয়েছে কি না সেটা তদন্ত করে দেখা হচ্ছে। কিন্তু যেসমস্ত উপযুক্ত পরিবার এখনও সার্টিফিকেট পাননি তাঁদেরকে তা দ্রুত দেওয়া হবে। ওই এলাকার বাসিন্দারা ব্লক অফিসে আবেদন করতে পারেন। এছাড়া আধিকারিকরাও গ্রামে গিয়ে ক্যাম্প করে সার্টিফিকেট দেবেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ