Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রামপুরহাটে পেট্রল পাম্পে খোলা তেল বিক্রিতে কড়া নিষেধাজ্ঞা জারি

রামপুরহাটে পেট্রল পাম্পে খোলা তেল বিক্রিতে কড়া নিষেধাজ্ঞা জারি
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: একাধিক অপরাধ মূলক ঘটনায় পেট্রল ব্যবহারের তত্ত্ব মিলছে। তাই পেট্রলের অপব্যবহার রুখতে এবার কঠোর হল পুলিস। রামপুরহাটের প্রতিটি পেট্রল পাম্পে খুচরো পেট্রল বিক্রির উপর কড়া নিষেধাজ্ঞা জারি করল পুলিস। এই মর্মে প্রতিটি পেট্রল পাম্পে ঝুলিয়ে দেওয়া হল ফ্লেক্স। 
Advertisement
বোতলে বা ড্রামে লুজ বা খোলা পেট্রল বিক্রি করতে পারবেন না পাম্প মালিকরা। অনেক আগে থেকেই এমন সরকারি নির্দেশ রয়েছে। কিন্তু প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে রামপুরহাট সহ সর্বত্র পাম্প থেকে অবাধে খুচরো পেট্রল বিক্রি হয়ে আসছে। জলের বোতল থেকে ড্রামে ভরে সেই পেট্রল নিয়ে যাওয়া হচ্ছে। কিছু ক্ষেত্রে সেই পেট্রলের অপব্যহার করা হচ্ছে। যেমনটা রামপুরহাটের বগটুই গ্রাম। সেখানে উপপ্রধান ভাদু শেখ খুনের উপর তাঁর অনুগামীরা ১২টি বাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় দশজনের। তার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। এই মামলায় সিবিআইয়ের পক্ষ থেকে আদালতে চার্জশিট জমা দিয়ে দাবি করা হয়েছে রামপুরহাটের একটি পাম্প থেকে ড্রামে ভরে টোটোয় চাপিয়ে পেট্রল নিয়ে যাওয়া হয়েছিল গ্রামে। সিসি ক্যামেরার ফুটেজও তারা আদালতে জমা দিয়েছে। যারা নিয়ে গিয়েছিল, তাদেরও গ্রেপ্তার করেছে সিবিআই।
শুধু বগটুই নয়, গত ৯ অক্টোবর মল্লারপুর থেকে সাঁইথিয়া যাওয়ার রাস্তার ধার থেকে বছর উনত্রিশের প্রীতি পান্ডে নামে এক গর্ভবতী মহিলার অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার হয়। সেই ঘটনায় ঝাড়খণ্ডের আদিত্যপুরের বাসিন্দা মৃতার স্বামীকে গ্রেপ্তার করে পুলিস। এই ঘটনারও তদন্তে নেমে পুলিস জানতে পারে তারাপীঠ যাওয়ার নাম করে স্ত্রীকে গাড়িতে চাপিয়ে শ্বাসরোধ করে মেরে মল্লারপুরের রাস্তার ধারে নামিয়ে বোতলে থাকা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। রামপুরহাটেরই একটি পাম্প থেকে সেই খুচরো পেট্রল নেওয়া হয়েছিল। 
এছাড়া বোমা বারুদের জেলা বীরভূম। হাত বোমা তৈরিতে পেট্রল ব্যবহার করে দুষ্কৃতীরা। শত্রুতাবশত বিভিন্ন বাড়িতে বা ধানের জমিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। খুচরো পেট্রল বিক্রি বন্ধ করার ক্ষেত্রে এতদিন পুলিস কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। বগটুইয়ের ঘটনার পরও পুলিসকে খুচরো পেট্রল বিক্রি রোধে কোনও পদক্ষেপ নিতে দেখা যায়নি। কিছুদিন আগেও ব্যাপারটিতে বেশি গুরুত্ব দেওয়া হতো না। এখন যেহেতু অপরাধ কাণ্ডে পেট্রলের ব্যবহার বাড়ছে, তাই কঠোর হল পুলিস। 
রামপুরহাটের একটি পাম্পের কর্মী বলেন, লুজ পেট্রল আর বিক্রি করা যাবে না বলে পুলিস জানিয়ে গিয়েছে। সেই নির্দেশিকা সম্বলিত ফ্লেক্সও টাঙিয়ে দিয়েছে। 
রামপুরহাট মহকুমা পুলিস আধিকারিক গোবিন্দ সিকদার বলেন, পাম্পগুলি লুজ পেট্রল বিক্রি করতে পারে না। মানুষ যানবাহনে ব্যবহারের পাশাপাশি খারাপ কাজেও ব্যবহার করছে পেট্রল। ড্রামে বা বোতলে ভরে কোন পেট্রল বিক্রি করা যাবে না। শুধু যানবাহনে সরাসরি ভরা যাবে। যদি কোনও পেট্রল পাম্প বা প্রতিষ্ঠান বিক্রি করে, তবে তা পুলিসকে জানাতে হবে। এরপরও কেউ খুচরো পেট্রল বিক্রি করলে আমরা সংশ্লিষ্ট পাম্প মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। 
সাধারণ মানুষের বক্তব্য, এই নির্দেশ এবং পুলিসের নজরদারি কতদিন থাকে সেটাই এখন দেখার।
সম্পর্কিত সংবাদ