সংবাদদাতা, রামপুরহাট: হকার্স জোন চিহ্নিত করে দ্রুত স্থানান্তরের দাবিতে মঙ্গলবার দুপুরে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দিল ফুটপাত উচ্ছেদ বিরোধী যৌথ মঞ্চের ছয় সদস্যর প্রতিনিধি দল। উল্লেখ্য, গত জুলাই মাসে সরকারী জায়গা দখল করে থাকা ফুটপাত ব্যবসায়ীদের দোকান ভেঙে দেওয়া হয়। ব্যবসায়ীদের দাবি, গত ৩ জুলাই বিধায়ক ও পুরসভার চেয়ারম্যানের উপস্থিতিতে বৈঠকে হকার্স সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এক মাসের মধ্যে পুরসভা এলাকায় ব্যবসার উপযুক্ত জায়গা চিহ্নিত করে ছয় মাসের মধ্যে সেখানে ফুটপাত ব্যবসায়ীদের স্থানান্তর করা হবে। কিন্তু সাত মাস পেরতে চললেও এখনও পুনর্বাসন দেওয়া হয়নি। যৌথ মঞ্চের পক্ষে সাহাজাদা হোসেন কিনু বলেন, বর্তমানে নিত্যদিন সামগ্রী নিয়ে যাওয়া আসা করে খোলা আকাশের নিচে ব্যবসা করতে অসুবিধা হচ্ছে। পুরসভার পক্ষ থেকে হকার্সদের নাম পোর্টালে নথিভুক্ত করা ছাড়া কোনও কাজই বিশেষভাবে এগোয়নি। তাই দ্রুত পুর্নবাসনের দাবি করা হয়েছে।
Advertisement
যদিও মহকুমা শাসক সৌরভ পাণ্ডে বলেন, শহরের মধ্যে থাকা পশু চিকিৎসালয় অন্যত্র সরিয়ে সেখানে হকার্সদের নিয়ে যাওয়ার বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। এটা উপরমহল থেকে হবে। আর তা না হলে শহর লাগোয়া রামপুরহাট ১ ব্লকের কিষাণ মাণ্ডিতেও হকারদের পুনর্বাসন করা যায়। কারণ সেখানে ইতিমধ্যেই কয়েকটি দোকানঘর রয়েছে। সেখানে আরও দোকানঘর নির্মাণের মতো জায়গা রয়েছে যেটা আমরা করে দেব। কিন্তু হকাররা বলছেন, কিষাণ মাণ্ডি শহর থেকে অনেকটা দুরে। কোনও ক্রেতাই নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনে এতদূরে আসবেন না। তাই তাঁরা সেখানে যেতে চাইছেন না। তাই হকারদের শহরের মধ্যে কোনও জায়গা থাকলে তার সন্ধান দিতে বলা হয়েছে। তবে আমরাও উপযুক্ত স্থান খুঁজছি যেখানে মার্কেট কমপ্লেকস করা যায়।



