Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রামপুরহাট ও নলহাটিতে ছুটে বেড়াচ্ছে নীল গাই  

রামপুরহাট ও নলহাটিতে ছুটে বেড়াচ্ছে নীল গাই
 
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: ঝাড়খণ্ড সীমানা লাগোয়া রামপুরহাট ও নলহাটি এলাকায় বিলুপ্তপ্রায় নীল গাইয়ের দেখা মিলল। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা এসে পায়ের ছাপ দেখতে পেলেও প্রাণীটিকে দেখা যায়নি। তাকে ধরতে তৎপর রয়েছেন বনদপ্তরের কর্মীরা। 
Advertisement
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, দিনদুয়েক আগে নলহাটির ঝাড়খণ্ড সীমানা লাগোয়া জয়পুর ও মাধবপুর এলাকায় মাঠ দিয়ে পূর্ণবয়স্ক একটি নীল গাইকে ছুটতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার রামপুরহাটের দালানপাহাড়ী, বেলেবাড়ি এলাকায় সেটিকে দেখতে পান বাসিন্দারা। তাঁরা সেটির ছবিও তোলেন। খবর পেয়ে রাতে এলাকায় আসেন বনদপ্তরের কর্মীরা। তাঁরা এলাকার মানুষের সঙ্গে কথা বলেন। পাশাপাশি মাঠে খোঁজাখুঁজি শুরু করেন। তাঁরা পায়ের ছাপ দেখতে পেলেও প্রাণীটির খোঁজ পাননি। বনদপ্তরের তম্বুনি রেঞ্জের বিট অফিসার কুবির মণ্ডল বলেন, বুধবারও রামপুরহাটের ওই এলাকায় তিনজন কর্মীকে পাঠানো হয়েছিল। কিন্তু নীল গাইটিকে তাঁরা দেখতে পাননি। তাঁর মতে, ঝাড়খণ্ডের জঙ্গল থেকে সেটি কোনওভাবে এই এলাকায় চলে এসেছে। প্রাণীটিকে কেউ যাতে মেরে না ফেলেন সেজন্য গ্রামবাসীদের সচেতন করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের ৬ জুন নলহাটির পাইকপাড়ার গ্রামে একটি নীল গাইকে ছুটে যেতে দেখেন ওই গ্রামের আদিবাসীরা। ঘণ্টাখানেকের চেষ্টায় নীল গাইটিকে ধরা হয়। পরে সুস্থ করে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়।
সম্পর্কিত সংবাদ