সংবাদদাতা, রামপুরহাট: নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে রামপুরহাটের ছাতিমতলায় কিছুটা শিকড় উপড়ে কাত হয়ে মাটিতে পড়ে গিয়েছিল একটি সেগুন গাছ। তারপরও গাছটি বেঁচে রয়েছে। বৃহস্পতিবার রামপুরহাট পুরসভার উদ্যোগে পড়ে যাওয়া সেই গাছ প্রতিস্থাপন করা হল। সেই সঙ্গে রামপুরহাটের ছাতিমতলা ফিরে পেল তার সৌন্দর্য্য।
Advertisement
রামপুরহাটের প্রাণ সরকারী টাউন হল। তার ঠিক পাশেই ছাতিম গাছের নিচে সাংস্কৃতিক মঞ্চ। যা শহরবাসীর কাছে ছাতিমতলা নামে পরিচিত। মঞ্চ লাগোয়া একটি প্রাচীন সেগুন গাছ ছাতিমতলার সৌন্দর্য্য কয়েকগুন বাড়িয়ে তুলেছিল। বর্ষায় একের পর এক নিম্নচাপের জেরে টানা ঝড় বৃষ্টিতে শিকড় উপড়ে সেই গাছটি মাটিতে পড়ে গিয়েছিল। তারপরও গাছটি বেঁচে রয়েছে। নতুন পাতাও জন্ম নিচ্ছে। যা দেখে শহরের বিশিষ্টরা গাছটি প্রতিস্থাপনের জন্য পুরসভার কাছে আর্জি জানান। অবশেষে এদিন প্রায় পাঁচ ফুটেরও বেশি গর্ত করে জেসিবির সাহায্যে গাছটি দাঁড় করিয়ে ওই জায়গাতেই পোঁতা হয়। গাছের শিকড় যাতে তাড়াতাড়ি বাড়ে, সেজন্য প্রয়োজনীয় সার ও জল দেওয়া হয়। ফের যাতে গাছটি হেলে না যায়, তাই আপাতত ওই গাছেরই কাটা অংশ দিয়ে ঠেকনা দেওয়া হয়। পুরসভার সাব অ্যাসিট্যান্ট ইঞ্জিনিয়ার ডাল্টন চট্টোপাধ্যায় দাঁড়িয়ে থেকে গাছটি প্রতিস্থাপন করেন। তাঁর আশা, গাছটি খুব শীঘ্রই পূর্বের অবস্থায় ফিরবে। অন্যদিকে পুরসভার সামনেও পড়ে যাওয়া একটি কৃষ্ণচুড়া গাছও প্রতিস্থাপন করা হয়। পাশেই লাগানো হয় আরও দুটি কৃষ্ণচুড়ার চারা। যেখানে গাছ কেটে বনজঙ্গল ফাঁকা করে দিচ্ছে কাঠ মাফিয়ারা। সেখানে প্রাচীন গাছ বাঁচানোর পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরের মানুষজন।



