সংবাদদাতা, রামপুরহাট: আবাস যোজনায় অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ, রামপুরহাট মেডিক্যালে স্বাস্থ্য পরিষেবার হাল ফেরানো সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার রামপুরহাট মহকুমাশাসকের অফিসে বিক্ষোভ দেখাল সিপিএম। তাঁরা শহর জুড়ে মিছিল করে এসে এসডিও অফিসের সামনে জড়ো হয়। পরে মহকুমাশাসকের কয়েক দফা দাবি সম্মিলিত স্মারকলিপি জমা দেন তাঁরা। আবাস যোজনায় টাকা দেওয়া হচ্ছে। কিন্তু প্রকৃত গৃহহীন বহু মানুষের নাম নেই তালিকায়। এই নিয়ে সর্বত্র ক্ষোভ বিক্ষোভ শুরু হতেই বঞ্চিতদের কাছ থেকে দরখাস্ত নেওয়া হয়। কিন্তু এজন্য কোনও সমীক্ষা করা হয়নি। সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সঞ্জীব বর্মণ বলেন, আমাদের দাবি দ্রুত সেই সমীক্ষার কাজ শুরু করতে হবে। সেইসঙ্গে মেডিক্যালে স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে। অবিলম্বে হাল ফেরাতে হবে। এছাড়া নলহাটি ২ ব্লকের ভদ্রপুর ২ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে রূপশ্রী প্রকল্পের টাকা পাইয়ে দিতে অর্থের বিনিময়ে বিবাহিতা মহিলাদের অবিবাহিতার সার্টিফিকেট দিয়েছেন, তাঁর তদন্ত করে অনিয়মের সঙ্গে যুক্তদের শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যদিকে বিএলএলআরও অফিসগুলি দালাল ও দুর্নীতি মুক্ত এবং শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে হবে। মহকুমাশাসক সৌরভ পাণ্ডে বলেন, আন্দোলনকারীদের দাবিগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।



