Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রামপুরহাট মেডিক্যালের সামনে নালা সংস্কারের কাজ দ্রুত শুরু

রামপুরহাট মেডিক্যালের সামনে নালা সংস্কারের কাজ দ্রুত শুরু
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রামপুরহাট: অবশেষে কয়েকবছর পর রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে জাতীয় সড়কের ধারে মহানালা সংস্কার শুরু করল টিআরডিএ। এই মহানালা বুজে যাওয়ায় মেডিক্যালে পিপিপি মডেলের ডিজিট্যাল এক্সরে রুম জলমগ্ন হয়ে পড়েছে। এর জেরে শুক্রবার থেকে সেখানে পরিষেবা বন্ধ। হয়রান হচ্ছেন রোগীরা। রামপুরহাটের মহকুমা শাসক তথা টিআরডিএ’র সিইও সৌরভ পাণ্ডে বলেন, মেডিক্যালের পাঁচিল থেকে সংলগ্ন কাঁদর পর্যন্ত মহানালাটি পাকা করার পরিকল্পনা রয়েছে। যাতে মেডিক্যালের জল সোজা কাঁদরে এসে পড়তে পারে।
Advertisement
সামান্য বৃষ্টিতেই মেডিক্যালের সুপারস্পেশালিটি বিল্ডিংয়ের চারদিকে জল জমে যায়। অভিযোগ, বিল্ডিং তৈরির গোড়াতেই গলদ রয়েছে। অপেক্ষাকৃত নিচু জায়গায় মাটি ভরাট না করেই বিল্ডিং গড়া হয়েছে। নিকাশির অব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই জল দাঁড়িয়ে পড়ে। এছাড়া ভারী গাড়ি চলাচলে কোথাও নালা ভেঙে গিয়েছে। কোথাও নালায় মাটি, আবর্জনা জমে থাকে। ভারী বৃষ্টি হলে হাঁটুসমান জল জমে যায়।
মেডিক্যালের নিকাশির একমাত্র পথ জাতীয় সড়কের ধারের মহানালা। কিন্তু সেটা কয়েকবছর ধরেই বুজে রয়েছে। নালা উপচে নোংরা জল পুরনো বিল্ডিংয়ে থাকা ডিজিটাল এক্স-রে রুমে ঢুকে পড়ছে। শর্ট সার্কিটের ভয়ে মেডিক্যাল কর্তৃপক্ষ পরিষেবা বন্ধ রেখেছে। শনিবার খবর পেয়ে এক্স-রে বিভাগ পরিদর্শনে আসেন রোগীকল্যাণ সমিতির সদস্য তথা বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। তিনি টিআরডিএ’কে মহানালা সংস্কার করতে বলেন। সেইমতো মহানালার উপরে থাকা দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় টিআরডিএ। রবিবার রাতের মধ্যেই সেসব দোকান সরিয়ে নেওয়া হয়েছে। সোমবার আর্থমুভার দিয়ে মহানালা সংস্কার শুরু হয়। এরপর মেডিক্যালের ভিতরে সুষ্ঠু নিকাশির ব্যবস্থা করবে পিডব্লুডি।
মেডিক্যালের পাঁচিল লাগোয়া মহানালার উপর কয়েকবছর ধরে দোকানপাট গজিয়ে উঠেছে। কোথাও কোথাও পাকা নির্মাণ হয়েছে। এতে নালাটি বুজে গিয়েছে। তাই মেডিক্যালের পাঁচিল থেকে কাঁদর পর্যন্ত মহানালার প্রায় ৩০০মিটার অংশের গভীরতা ও প্রস্থ বাড়িয়ে ফের পাকা করা হবে।
স্থানীয় দোকানদার বাবলু মণ্ডল বলেন, আমরা স্বেচ্ছায় দোকানপাট সরিয়ে নিয়েছি। মহানালা হওয়ার পর উপরে ঢালাইয়ের প্লেট দেওয়া হবে। তখন ফের আমাদের ব্যবসা করতে দেওয়া হবে বলে প্রশাসন আশ্বাস দিয়েছে। 
চারদিন হয়ে গেলেও পিপিপি মডেলে ডিজিট্যাল এক্সরে বন্ধ। এবিষয়ে মেডিক্যালের ডেপুটি সুপার ঈশ্বর চট্টোপাধ্যায় বলেন, এখনও ওই রুমে জল ঢুকছে। জল পুরোপুরি নেমে গেলেই পরিষেবা চালু করা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ