সংবাদদাতা, রামপুরহাট: শুক্রবার বর্ধমান ডিভিশনের সপ্তম রিজিওনাল ‘সায়েন্স অ্যান্ড টেকনোলজি কংগ্রেস’ অনুষ্ঠিত হল রামপুরহাট কলেজে। পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর এবং রামপুরহাট কলেজের যৌথ উদ্যোগে আয়োজিত দু’দিনের অনুষ্ঠানের সূচনা করেন বিভাগীয় দপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। উপস্থিত ছিলেন দপ্তরের প্রাক্তন মন্ত্রী তথা এলাকার বিধায়ক ও কলেজ পরিচালন কমিটির সভাপতি আশিস বন্দ্যোপাধ্যায়, সাংসদ শতাব্দী রায়, অসিত মাল, পুরসভার চেয়ারম্যান সৌমেন ভকত, অধ্যক্ষ প্রবাল সিনহা প্রমুখ। যৌথ এই অনুষ্ঠানের নোডাল অফিসার জয়ন্ত দাস বলেন, সায়েন্স কংগ্রেসে বীরভূম, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার ৭০টি কলেজ থেকে ২৪৫জন প্রতিযোগী, ৪০জন বিজ্ঞানী, অধ্যাপক এবং গবেষক অংশ নিয়েছেন। এছাড়াও জেলার প্রায় ৩০০ স্কুলের প্রতিযোগী এই কংগ্রেসে অংশ নিয়েছে। এদিন অনুষ্ঠানের সূচনার পর প্রতিযোগীদের বিজ্ঞান ভিত্তিক মডেল প্রদর্শনী ঘুরে দেখেন মন্ত্রী সহ অন্যান্যরা। বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সিনিয়র সায়েনটিস্ট অমিয়কুমার কালিদহ বলেন, এখান থেকে বেস্ট তিনটি মডেল আমরা সিলেক্ট করব। তাদের নগদ ১০ হাজার টাকা ও সার্টিফিকেট দেওয়া হবে। তারা ২৮ ফেব্রুয়ারি কলকাতার সায়েন্সসিটিতে রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে। সেখানে বেস্টদের ৫০ হাজার টাকা নগদ ও সার্টিফিকেট দেওয়া হবে। তাছাড়া এই প্রজেক্টগুলির মধ্যে নতুনত্ব কিছু যদি থাকে তাহলে পরবর্তীতে তাদের গ্র্যান্ড ও ফেলোসিফ অ্যাওয়ার্ড দেওয়া হবে। মন্ত্রী বলেন, বিজ্ঞান যে কতটা অপরিহার্য সেটা প্রমাণ করতেই আমরা সকলে উপস্থিত হয়েছি। আগামী দিন বাংলা বিজ্ঞানের যথার্ততা প্রমাণ করে দেবে। আশিসবাবু বলেন, ২০১৬ সালের পরে প্রথম আমরা ডিভিশনাল সায়েন্স কংগ্রেস শুরু করেছিলাম। উজ্জ্বলদা এখন রিজিওনাল সায়েন্স কংগ্রেস শুরু করেছেন। এটা আগে সায়েন্স সিটিতে হতো। এখন রিজিওনাল হওয়ায় গ্রামের ছেলেমেয়েরা তাদের উদ্ভাবনী শক্তির পরিচয় দিতে পারছে।



