সংবাদদাতা, রামপুরহাট: রামপুরহাট শহরের যুবকদের উদ্যোগে দিবারাত্র আন্তঃজেলা কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়। রামপুরহাট পুরসভার মাঠে আয়োজিত এই খেলায় বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা থেকে আটটি করে মহিলা ও পুরুষ দল অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান সৌমেন ভকত সহ বেশ কয়েকটি ওয়ার্ডের কাউন্সিলাররা। উদ্যোক্তা ওয়াসিম আলি ভিক্টর, অরিন্দম চক্রবর্তী, আহসান হাবিবরা বলেন, এখন সচরাচর কাবাডি খেলা দেখা যায় না। এই খেলা বিলুপ্তির পথে। যুব সমাজ এখন মোবাইলে মগ্ন। তাই তাদের ফের মাঠমুখী করতে এবং কাবাডি খেলার চল ফিরিয়ে আনতেই এই উদ্যোগ। জয়ী টিমকে সাত হাজার ও রানার্স দলের হাতে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।



