Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রামপুরহাটে জাল নোট সহ গ্রেপ্তার ৩, নলহাটিতে ডাকাত সন্দেহে ধৃত যুবক

রামপুরহাটে জাল নোট সহ গ্রেপ্তার ৩, নলহাটিতে ডাকাত সন্দেহে ধৃত যুবক
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: জাল নোট সহ তিনজনকে গ্রেপ্তার করল রামপুরহাট থানার পুলিস। শুক্রবার রাতে রামপুরহাট জংশনের অদুরে শ্রীকৃষ্ণপুর লেভেল ক্রসিং গেটের কাছ থেকে তাদের ধরা হয়। পুলিসের দাবি, ধৃতদের কাছ থেকে ১৯টি পাঁচশো টাকার জাল নোট উদ্ধার হয়। শনিবার ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের ১৭৯, ১৮০, ৩/৫ ধারা যুক্ত করে রামপুরহাট আদালতে তোলা হয়। অভিযুক্ত পক্ষের আইনজীবী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিচারক ধৃতদের তিনদিন পুলিস হেফাজত মঞ্জুর করেছেন। 
Advertisement
আদালত সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল গোকুল শেখ, আজবাহার শেখ ও আমির শেখ। প্রথমজনের বাড়ি মুর্শিদাবাদের সাগরদিঘি, অপর দু’জন রামপুরহাটের নারায়ণপুর ও মুরারইয়ের ধীতোরা গ্রামের বাসিন্দা। তারা শ্রীকৃষ্ণপুর রেলগেটের কাছে জড়ো হয়েছিল। সেই সময় পুলিসের টহলদারি ভ্যান তাদের আটকে জেরা করে জাল নোটগুলি উদ্ধার করে। 
উল্লেখ্য, কিছুদিন আগে ৩০টি পাঁচশো টাকার জাল নোট সহ দু’জনকে গ্রেপ্তার করে মল্লারপুর থানার পুলিস। তাদের মধ্যে একজন টোটো চালানোর আড়ালে এই কারবার চালাত। অন্যদিকে ১১ হাজার জাল নোট সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে মুরারই থানা। 
পুলিস একটি সূত্র জানাচ্ছে, র‌্যাকেট গড়ে এই জাল নোট কারবার চলছে। ধৃতদের জেরা করে আরও জাল নোট উদ্ধারের পাশাপাশি কারবারিদের নাম জানার চেষ্টা চালানো হবে। এদিকে সূত্রে মারফত জানা গিয়েছে, ধৃতরা লাগোয়া ঝাড়খণ্ডে আলু পাচার সহ নানা অবৈধ কারবারের সঙ্গে যুক্ত। যদিও পুলিস জানিয়েছে, সমস্ত দিকই খতিয়ে দেখা হচ্ছে। 
অন্যদিকে, ডাকাত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে নলহাটি থানার পুলিস। ধৃতের নাম গিয়াসউদ্দিন খান। বাড়ি হুগলির গোঘাটে। পুলিস জানিয়েছে, রানিগঞ্জ মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের নলহাটির কলিঠা রেশম দপ্তরের অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে জেরা করে অন্য কোনও অবৈধ কারবারের সঙ্গে সে জড়িত কি না, সেটা খতিয়ে দেখছে পুলিস। 
সম্পর্কিত সংবাদ