সংবাদদাতা, রামপুরহাট: শীতের রাতে মালদহে পাচারের আগে গোরুবোঝাই পিকআপ ভ্যান আটক করল রামপুরহাট থানার পুলিস। আটটি গোরু উদ্ধার হয়েছে। গাড়িচালককে গ্রেপ্তার করা হয়েছে। আটক গাড়িটি ঝাড়খণ্ডের নথিভুক্ত।
Advertisement
পুলিস জানিয়েছে, মঙ্গলবার রাতে রামপুরহাটের নারায়ণপুর দিয়ে ঝাড়খণ্ড সীমানা পেরিয়ে গাড়িটি এরাজ্যে ঢোকে। ত্রিপলে মোড়া গাড়িটি দেখে পুলিসের সন্দেহ হয়। গাড়ি দাঁড় করাতেই খালাসি পালিয়ে যায়। এরপরই ত্রিপল খুলে দেখা যায় গাড়িতে আটটি গোরু বাঁধা রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় গোরু সহ গাড়িটি আটকের পাশাপাশি চালককে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জেরায় পুলিস জানতে পেরেছে, গোরুবোঝাই গাড়িটি মালদহে নিয়ে যাওয়া হচ্ছিল। উল্লেখ্য, গত ৩০জানুয়ারি রামপুরহাটের বাইপাস রোডে ১৮টি গোরু সহ একটি পিকআপ ভ্যান আটক করে পুলিস। ঝাড়খণ্ড সীমানা পেরিয়ে গোরুগুলি মুর্শিদাবাদে নিয়ে যাওয়া হচ্ছিল। সব মিলিয়ে ঝাড়খণ্ড হয়ে এরাজ্যে গোরু পাচার অব্যাহত রয়েছে।



