সংবাদদাতা, রামপুরহাট: দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল রামপুরহাটে। রাতের অন্ধকারে মেশিন দিয়ে গোডাউনের লোহার দরজা কেটে কয়েকলক্ষ টাকার সামগ্রী গাড়িতে লোড করে চম্পট দিল দুষ্কৃতীরা। সোমবার সকালে গোডাউন খুলতে এসে চুরির বিষয়টি নজরে আসে মালিক নিতাইচন্দ্র মণ্ডলের। তিনি বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। কিন্তু অভিযোগের পর ২৪ ঘণ্টা কেটে গেলেও চোরের হদিশ পায়নি পুলিস। যদিও ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিস।
Advertisement
রামপুরহাটের কুটিগ্রাম ঢোকার মুখে গোডাউনটি। সেখানে হারভেস্টার মেশিন, একাধিক পাম্প সেট সহ নানা সামগ্রী ছিল। নিতাইবাবু বলেন, সোমবার সকালে এসে দেখি গোডাউনের দরজা কাটা। ভিতরে ট্রাক্টর, হারভেস্টার মেশিনের ব্যাটারি সহ নানা যন্ত্রপাতি নেই, দুটি পাম্প সেট সহ নানা সামগ্রী চুরি করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। গোডাউনের মেঝেতে গাড়ির চাকার দাগ রয়েছে। তাতেই মনে হচ্ছে, গোডাউনে গাড়ি ঢুকিয়ে সামগ্রী চাপিয়ে চম্পট দিয়েছে চোরেরা। তিনি বলেন, কিছুটা দুরে জাতীয় সড়কের ধারে একটি হোটেলের বাইরে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে জানতে পেরেছি, একটি পিকআপ ভ্যানে সামগ্রীগুলি চাপিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার দুপুরে বিস্তারিত জানিয়ে থানায় অভিযোগ দায়ের করি। তাঁর দাবি, অন্তত ছয় লক্ষ টাকার সামগ্রী চুরি গিয়েছে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।



