Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রামপুরহাট-১ এর বিডিওকে হেনস্তায় থানায় অভিযোগ

রামপুরহাট-১ এর বিডিওকে হেনস্তায় থানায় অভিযোগ
  • ২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: রামপুরহাট-১ এর বিডিওকে হেনস্তার ঘটনায় থানায় অভিযোগ দায়ের হল। মঙ্গলবার সন্ধ্যায় বিডিও অঙ্কুর মিত্র অভিযোগ দায়ের করেছেন। পুলিস জানিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে। আধিকারিককে হেনস্তা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে খুব তাড়াতাড়ি তাদের গ্রেপ্তার করা হবে।
Advertisement
সোমবার রামপুরহাট-১ ব্লকের দাদাপুর গ্রামের বেশ কয়েকজন পুরুষ-মহিলা তৃণমূলের পতাকা নিয়ে বিডিও অফিসের সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের অভিযোগ, যাদের পাকা দোতলা বাড়ি আছে, তাদের নাম ‘বাংলার বাড়ি’র তালিকায় রয়েছে। অথচ তাঁদের নাম নেই। বিক্ষোভকারীদের দাবি, এনিয়ে সাতবার তাঁরা বিডিওর সঙ্গে দেখা করতে এসেছেন। তাঁরা বাড়ি পাওয়ার যোগ্য কিনা, বিডিও বা জেলাশাসক তা সরেজমিনে তদন্ত করে দেখুন।
শাসকদলের পতাকা নিয়ে তারা বিডিওর চেম্বারে ঢুকে গলা চড়িয়ে কথা বলার পাশাপাশি হম্বিতম্বি শুরু করেন। অভিযোগ, এক বিক্ষোভকারী মোবাইলে ভিডিও করায় বিডিও তা কেড়ে নেওয়ার চেষ্টার পাশাপাশি মারার জন্য হাত তোলেন। এরপরই বিডিও অফিস উত্তাল হয়ে ওঠে। অভিযোগ, বিক্ষোভকারীরা বিডিওকে মারতে উদ্যত হন। প্রায় ১৫মিনিট ধরে বিডিওকে হেনস্তা করা হয়। পরে পুলিস পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার রাতে বিডিও সিসি ক্যামেরার ফুটেজ সহ থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্ত শুরু করেছে।
সম্পর্কিত সংবাদ