Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রামপুরহাটে ডেঙ্গু নিয়ে সচেতনতা প্রচারে ছৌ নাচ

রামপুরহাটে ডেঙ্গু নিয়ে সচেতনতা প্রচারে ছৌ নাচ
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: শনিবার দুপুরে ছৌশিল্পীদের নিয়ে ডেঙ্গুর বিষয়ে সচেতনতা প্রচার করল রামপুরহাট পুরসভা। এদিন শহরের ৪ ও ৬ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে, ১৭ নম্বর ওয়ার্ডের আদিবাসীপাড়ায় ও ১৩ নম্বর ওয়ার্ডের গুবগড়িয়ায় এই কর্মসূচি হয়েছে। প্রতিটি অনুষ্ঠানেই পুরসভার চেয়ারম্যান সৌমেন ভকত সহ ওয়ার্ডের কাউন্সিলাররা উপস্থিত ছিলেন।
Advertisement
২২ ডিসেম্বর পর্যন্ত রামপুরহাট স্বাস্থ্যজেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৬১। তার মধ্যে রামপুরহাট পুরসভায় ১৫জন রয়েছে। যদিও আক্রান্তদের সবাই এখন সুস্থ হয়েছেন। কিন্তু বিকেল থেকেই মশার উৎপাতে টেকা দায়। পুরসভা মশানাশক স্প্রে করছে। সেইসঙ্গে মানুষকে সচেতন করতে ছৌ নাচের আয়োজন করা হয়।
বাড়ির চারপাশের আবর্জনা সাফাই, কোথাও জল জমতে না দেওয়া, জ্বর হলে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া, রক্ত ও লালা পরীক্ষা-এসবের প্রয়োজনীয়তা ছৌ শিল্পীরা ফুটিয়ে তোলেন। চেয়ারম্যান বলেন, শহরের যাঁরা ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন, তাঁরা সবাই সুস্থ আছেন। তবু আমরা মানুষের মধ্যে ডেঙ্গু নিয়ে সচেতনতা প্রচার চালাচ্ছি।
সম্পর্কিত সংবাদ