Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রামপুরহাটে বিডিওর চেম্বারে ঢুকে দাদাগিরি বিজেপি জেলা সভাপতির

রামপুরহাটে বিডিওর চেম্বারে ঢুকে দাদাগিরি বিজেপি জেলা সভাপতির
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট : রামপুরহাট ১ ব্লকের বিডিওর চেম্বারে ডেপুটেশন দিতে এসে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহার দাদাগিরি। টেবিল চাপড়ে, আঙুল উঁচিয়ে  তৃণমূলের ব্লক সভাপতির চামচা বলে তীব্র আক্রমণ করলেন। এখানেই থেমে না থেকে বিডিওকে নাকে দড়ি বেঁধে টেনে হাইকোর্টে নিয়ে যাওয়ার হুমকি দিলেন তিনি। যা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। তৃণমূলের জেলা চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, অশালীন আচরণ করা যাঁদের অভ্যাস, তাঁরা সেই অভ্যাসের বাইরে যেতে পারেননি। এমন আচরণই বিজেপির কাছ থেকে প্রত্যাশিত। 
Advertisement
মঙ্গলবার বাংলা আবাস যোজনায় বেনিয়মের অভিযোগ তুলে রামপুরহাট ১ ব্লকের বিডিও অফিসের সামনে তুমুল বিক্ষোভ দেখান বিজেপির নেতা কর্মী ও সমর্থকরা। নেতৃত্ব দেন ধ্রুব সাহা। তাঁর অভিযোগ, সনাতন ধর্মের বহু মানুষ বিজেপিকে সমর্থন করার কারণে তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। একাধিক এসসি, এসটি অধ্যুষিত গ্রামের একটি পরিবারেরও নাম নেই তালিকায়। অথচ সিভিক ভলান্টিয়ার থেকে তৃণমূলের মাথা-মুরুব্বিদের নাম তালিকায় রয়েছে। তিনি বলেন, তাঁদের যদি একজনেরও অ্যাকাউন্টে আবাসের টাকা ঢোকে, তাহলে বিডিওর নাকে দঁড়ি বেঁধে টেনে হাইকোর্টে তুলব। প্রকৃত প্রাপকদের কোনওমতেই বঞ্চিত করা চলবে না। প্রশাসন নয়, তৃণমূলের লোকদের নিয়ে সার্ভে করা হয়েছে। এই বিডিও তৃণমূলের দালালি করছেন।
এদিন ঘণ্টা খানেক বিক্ষোভ দেখানোর পর বিডিওর চেম্বারে ডেপুটেশন দিতে ঢোকেন ধ্রুব সাহা সহ অনান্য নেতারা। তাঁরা বিডিওর হাতে ১৭২৫ জন বঞ্চিতদের একটি তালিকা জমা দেন। তখনই টেবিল চাপড়ে বিডিওর দিকে আঙুল উঁচিয়ে ধ্রুব বলেন, এই তালিকা জমা করলাম। আপনি লোক পাঠিয়ে দেখুন, তাঁরা বাড়ি পাওয়ার যোগ্য কিনা। এরপরই তিনি বলেন, বিডিওর চেয়ারে বসে আপনি তৃণমূলের ব্লক সভাপতির মতো কাজ করছেন। তৃণমূলের কথায় মানুষের জন্য জলের ব্যবস্থাটুকু করেন না । অথচ, এই ব্লকের নারায়ণপুরে ব্রাহ্মণী নদী থেকে বালি তুলে পাচার চলছে। কিন্তু কোনও ব্যবস্থা নিচ্ছেন না। সেটিংবাজি করে ব্লক চালাচ্ছেন। আপনি তৃণমূলের চামচাগিরি করবেন। আর দুঃস্থ মানুষরা মাটির বাড়িতে বাস করবেন। এটা মানব না। আপনার চাকরিটা কিন্তু পাঁচবছরের জন্য নয়। অনেকদিন চাকরি করতে হবে। আমরাই কিন্তু আগামীদিনে পশ্চিমবঙ্গের শাসক। যদিও বিডিও আবেদনগুলির ভিত্তিতে আরও একবার সার্ভে করার আশ্বাস দিলে তাঁরা বেরিয়ে আসেন। 
বিডিওকে হমকি, শাসানি প্রসঙ্গে ধ্রুব সাহাকে প্রশ্ন করা হলে তিনি অনুশোচনার বদলে আরও একটি বাক্য যুক্ত করে বলেন, এই বিডিও তৃণমূলের চটি চাটছে। মেরুদণ্ড সোজা করার জন্য বলে গেলাম। যদিও এই হুমকি প্রসঙ্গে বিডিও অঙ্কুর মিত্র সংবাদ মাধ্যমে কিছু বলতে চাননি। শুধু বলেন, আবেদনগুলি খতিয়ে দেখতে সার্ভে করা হবে।  এদিকে জেলাশাসক বিধান রায় বলেন, বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিয়ে দেখছি।
সম্পর্কিত সংবাদ