সংবাদদাতা, কাঁথি: পুজোর ছুটির মধ্যে রামনগরের হীরাপুর দশগ্রাম হাইস্কুলে বড়সড় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্কুলের মাল্টিজিমের লক্ষাধিক টাকার সামগ্রী চুরি গিয়েছে। বিদ্যুতের লাইন ও জলের পাইপলাইনের নানা সামগ্রী চুরি এবং নষ্ট করে দিয়েছে দুষ্কৃতীরা। এছাড়া দু’শটি ইঁট চুরি করে চম্পট দিয়েছে তারা। বুধবার এব্যাপারে রামনগর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রধান শিক্ষক প্রীতিরঞ্জন মাইতি। পুলিস অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।
Advertisement
স্কুলে গিয়ে সরেজমিনে সবকিছু খতিয়েও দেখেছে। স্কুল সূত্রে জানা গিয়েছে, একমাস পর মঙ্গলবার স্কুল খোলে। দেখা যায়, স্কুলের নতুন প্রশাসনিক ভবনের বিদ্যুতের লাইন ও জলের পাইপলাইন ভেঙে পড়ে রয়েছে। সেখানে নবম শ্রেণির ক্লাসও হয়। বিদ্যুতের তার থেকে শুরু করে নানা সরঞ্জাম চুরি করেছে দুষ্কৃতীরা। তার কোথাও উপড়ে, ছিঁড়ে নষ্ট করে দিয়েছে। জলের পাইপলাইন সহ আনুষঙ্গিক সামগ্রী একইভাবে চুরি করেছে। ছ’টি সিলিং ফ্যান ভেঙে দুমড়ে-মুচড়ে দেওয়া হয়েছে। তবে মঙ্গলবার আর মাল্টিজিম খোলা হয়নি। বুধবার মাল্টিজিম খুলতে দেখা যায়, ডাম্বেল থেকে শুরু করে নানা দামি সামগ্রী উধাও। স্কুল চত্বরে থাকা ইঁটের স্তুপ থেকে উধাও হয়ে গিয়েছে দু’শটি ইঁট। এরপরই পুলিসের দ্বারস্থ হয় স্কুল কর্তৃপক্ষ। প্রধান শিক্ষক বলেন, সব মিলিয়ে লক্ষাধিক টাকার সামগ্রী চুরি গিয়েছে। বিদ্যুৎ ও জলের পাইপলাইনের সামগ্রী যেগুলি নিতে পারেনি, সেগুলি নষ্ট করে দিয়েছে দুষ্কৃতীরা। পুলিস যাতে ঘটনার যথোপযুক্ত তদন্ত এবং দুষ্কৃতীদের গ্রেপ্তার করে, সেই আবেদনই জানিয়েছি।



