সংবাদদাতা, কাঁথি: বুধবার রামনগর থানার ঠিকরা দুর্গামন্দির সংলগ্ন এলাকায় দীঘা-তমলুক রেলপথে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম মানিক পাত্র (২৫)। তাঁর বাড়ি রামনগরের সানবালিসাই এলাকায়। কর্মসূত্রে তিনি ভিনরাজ্যে থাকতেন। সম্প্রতি বাড়ি এসেছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বাইক নিয়ে রেললাইন পার হচ্ছিলেন। বাড়ি থেকে রামনগরের দিকে যাচ্ছিলেন। সেই সময় দীঘামুখী একটি ট্রেন চলে আসে। তিনি বাইক নিয়ে আর রেললাইন পেরতে পারেননি। ট্রেনের ধাক্কায় তিনি বাইক সহ ছিটকে পড়েন। ঘটনার পর ওই ট্রেনটি কিছু সময়ের জন্য দাঁড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন মানিককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বড়রাঙ্কুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দীঘা জিআরপি থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
Advertisement
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঠিকরা দুর্গামন্দিরের পাশে ওই অংশে লেভেল ক্রশিং না থাকার কারণেই দুর্ঘটনা ঘটল। রেলদপ্তর অবিলম্বে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও দুর্ঘটনা ঘটবে এবং মানুষের প্রাণহানি হবে বলে তাঁদের বক্তব্য। স্থানীয় আকনার বাসিন্দা বিশ্বরঞ্জন মিশ্র বলেন, অনেকদিন ধরেই আমরা রেলদপ্তরের কাছে এব্যাপারে দাবি জানিয়ে আসছি। আশা করছি, এই ঘটনার পর রেলদপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ করবে।



