Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রামনগরে সমবায় সমিতিতে ডাকাতির ছক বানচাল, ধৃত ৩

রামনগরে সমবায় সমিতিতে ডাকাতির ছক বানচাল, ধৃত ৩
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: সমবায় সমিতিতে ডাকাতির উদ্দেশ্যে ঢুকেছিল দুষ্কৃতীরা। কিন্তু সেই ছক বানচাল করে রামনগর থানার পুলিস তিনজনকে পাকড়াও করল। সোমবার রাতে রামনগরের সন্তেশ্বরপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে এই ঘটনা ঘটে। গতবছরই এই সমবায়ে বড় ডাকাতি ঘটেছিল।
Advertisement
পুলিস জানিয়েছে, ধৃতরা হল পটাশপুরের অমর্ষি গ্রামের নুরউদ্দিন মল্লিক, পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার জেনকাপুরের এহেসান মল্লিক ও বেলদা থানার বিম্বলটিটিয়া গ্রামের ইকবাল হোসেন শাহ। তাদের কাছ থেকে শাবল, রড সহ নানা সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে। মঙ্গলবার কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তদন্তের স্বার্থে তাদের আটদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন।
সোমবার রাত ৩টে নাগাদ টহলরত পুলিসের কাছে খবর আসে, ওই সমিতিতে ডাকাতির উদ্দেশ্যে কয়েকজন জড়ো হয়েছে। পুলিস ঘটনাস্থলে গিয়ে দুষ্কৃতীদের চারদিক থেকে ঘিরে ফেলে। তিন দুষ্কৃতী ধরা পড়ে। বাকিরা পালিয়ে যায়। তার আগে ডাকাতরা সমিতির গেটের তালা ভেঙে ঢুকে সিসি ক্যামেরা ভেঙে ফেলেছিল। এরপর ভল্ট ভেঙে টাকা লুট করাই উদ্দেশ্য ছিল। কিন্তু পুলিসের তৎপরতায় তা সম্ভব হয়নি।গত বছর এই সমিতিতে লক্ষাধিক টাকা লুট হয়েছিল। সেই ঘটনার আজও কিনারা হয়নি। ওসি অমিত দেব ও মামলার তদন্তকারী আধিকারিক তাপসকুমার বর্মন জানান, তিনজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
সম্পর্কিত সংবাদ