সংবাদদাতা, কাঁথি: রবিবার রামনগর ও ভগবানপুরের দু’টি সমবায় সমিতির প্রতিনিধি নির্বাচনে জয়ী হল তৃণমূল। রামনগর-১ ব্লকের তালগাছাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের দুবলাবাড়ি-ট্যাংরামারি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী হয়েছে শাসকদল। বিজেপিকে পর্যুদস্ত করে ন’টি আসনের সবকটিতেই তারা জয়ী হয়েছে। এদিন সকাল থেকে কড়া পুলিসি পাহারায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ফলপ্রকাশ হলে দেখা যায়, সবক’টি আসনেই তৃণমূল জয়ী হয়েছে। জয়ের পর এলাকায় বিজয় মিছিল বের হয়। আবির খেলায় মেতে ওঠেন দলের নেতা-কর্মীরা। ব্লক তৃণমূলের সহ-সভাপতি বিশ্বজিৎ জানা বলেন, আমরা এই জয় মা-মাটি-মানুষের সরকারকে উৎসর্গ করছি। সমিতি পুনরায় আমাদের দখলে এল। উল্লেখ্য, তালগাছাড়ি-২ পঞ্চায়েতটি বিজেপির দখলে রয়েছে। সেখানে এই জয় যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল বলেন, পরাজয়ের কারণ খতিয়ে দেখা হবে।
Advertisement
ভগবানপুর-১ ব্লকের বিভীষণপুর পঞ্চায়েতের জলি-গোপীনাথপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী হল তৃণমূল। রবিবার সমিতির ১২টি আসনে নির্বাচন হয়। তৃণমূল ১০টি আসন এবং বিজেপি পায় দু’টি আসন। নির্বাচন উপলক্ষ্যে সকাল থেকে ভগবানপুর থানার পুলিসের তরফে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল। জয়ের পর আবির মাখিয়ে উদযাপনে মেতে ওঠেন দলের নেতা-কর্মীরা। এই জয়ের মধ্য দিয়ে সমিতির পরিচালন ক্ষমতা ফের দখল করল তৃণমূল। পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপসুন্দর পণ্ডা বলেন, মানুষের যে তৃণমূলের উপর আস্থা-ভরসা রয়েছে, তা এই জয় প্রমাণ করল। আমরা জয়ী প্রার্থী ও ভোটারদের অভিনন্দন জানিয়েছি। বিজেপি নেতা রামপদ বর্মন বলেন, আমরা এই পরাজয় স্বীকার করে নিচ্ছি। যে সমস্ত ভুলত্রুটি হয়েছে, আগামী দিনে তার সমাধান করা হবে।



