সংবাদদাতা, কাঁথি: রামনগর থানার দক্ষিণ বাধিয়ায় নাবালিকাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। যদিও অভিযুক্ত যুবক পলাতক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে ভাইকে স্কুল থেকে আনতে গিয়ে বছর আটের ওই শিশুকন্যা রাস্তার পাশে একটি মন্দিরে বসেছিল। সেইসময় স্থানীয় এক যুবক সেখানে আসে। তাকে জোর করে বাঁশের জঙ্গলের দিকে টেনে নিয়ে যায়। মুখ চেপে ধরে যৌন নির্যাতন করে বলে অভিযোগ। নাবালিকা চিৎকার করলে সে পালিয়ে যায়। পরে নাবালিকার মামা বাড়ি ফেরার পথে তাকে বিধ্বস্ত অবস্থায় উদ্ধার করেন। নাবালিকা বাড়িতে এসে মাকে সবকিছু জানায়। ঘটনাটি জানাজানি হওয়ায় এলাকায় উত্তেজনা ছড়ায়। এরই মধ্যে পালিয়ে যায় অভিযুক্ত। এরপর নাবালিকার পরিবারের সদস্যরা অভিযুক্ত যুবকের বাড়িতে হাজির হন। অভিযোগ অস্বীকার করে ওই যুবকের পরিবার নাবালিকার পরিবারের সদস্যদের প্রাণণাশের হুমকি দেয় বলে অভিযোগ। শিশুকন্যার মা রাতেই থানায় অভিযোগ দায়ের করে পুলিসকে প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জি জানান। পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নাবালিকার ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।



