সংবাদদাতা, কাঁথি: রামনগর থানার সন্তেশ্বরপুর এলাকায় রেস্তরাঁয় লুটপাট, মারধর, মহিলা দোকানদারের শ্লীলতাহানির অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম বটকৃষ্ণ মণ্ডল ও বিমল পাত্র। প্রথমজনের বাড়ি ওই এলাকাতেই। অপরজন ওড়িশার ভোগরাই এলাকার বাসিন্দা।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, বুধবার অভিযুক্তরা সেখানে খেতে যায়। খাওয়ার পর টাকা দেওয়া নিয়ে মহিলা দোকানদার ও তাঁর স্বামীর সঙ্গে বচসা শুরু হয়। অভিযোগ, তারা মহিলার স্বামীকে মারধর করে। তাঁর স্ত্রী স্বামীকে বাঁচাতে এলে তাঁকেও ধাক্কাধাক্কি করে। ওই মহিলার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, রেস্তরাঁয় লুটপাট চালানো হয়। গোলমাল হচ্ছে দেখে স্থানীয়রা এসে পরিস্থিতি সামাল দেন। প্রাথমিক চিকিৎসা করার পর থানায় অভিযোগ দায়ের করেন দোকানদার মহিলা। অভিযোগের ভিত্তিতে পুলিস রাতেই দু’জনকে গ্রেপ্তার করে।



