সংবাদদাতা, কাঁথি: রামনগর-২ ব্লকের সাহাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির প্রতিনিধি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল। ১১টি আসনে মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন। শাসকদলের তরফে আগেই সব আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। তবে দলেরই বিক্ষুদ্ধদের পক্ষ থেকে তিনজন বিক্ষিপ্তভাবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাঁরা মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এর ফলে তৃণমূলকে জয়ী ঘোষণা করা হয়। আগামী ৮ জানুয়ারি ওই সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল। তার আর প্রয়োজন রইল না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ে সমিতির পরিচালন ক্ষমতা ফের তৃণমূলেরই দখলে এল। এলাকার তৃণমূল নেতা, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমালতরু দাস মহাপাত্র বলেন, বিরোধীরা মাঠে ছিলেন না। আমরা জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছি।



