Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রামনগরে গ্রেপ্তার বাংলাদেশি, চাঞ্চল্য

রামনগরে গ্রেপ্তার বাংলাদেশি, চাঞ্চল্য
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: রামনগরে এক বাংলাদেশি ধরা পড়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। পুলিস জানিয়েছে, ধৃতের নাম শেখ আয়ুব আলি। বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জ জেলার মকসিদপুর থানার মণিরকান্দি এলাকায়। বেআইনিভাবে অনুপ্রবেশের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, শনিবার রামনগর বাজারে বছর ৪৭-র ওই ব্যক্তি পসরা সাজিয়ে বসে মশলা বিক্রি করছিল। অপরিচিত ব্যক্তিকে মশলা বিক্রি করতে দেখে এবং তার কথার বলার ধরণ দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তাঁরা ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন। তার কথায় অসঙ্গতি লক্ষ্য করা যায়। সে তার বাড়ি নন্দকুমার সহ বিভিন্ন এলাকায় বলে জানায়। বিষয়টি জানাজানি হলে সেখানে আরও লোকজন জড়ো হয়ে যান। শেষ পর্যন্ত স্থানীয় মানুষজন তাকে চেপে ধরেন। তাঁরা জানতে পারেন, ওই ব্যক্তির বাড়ি বাংলাদেশে। একথা জানার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে যায় এবং ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিসের জেরায় ওই ব্যক্তি জানায়, দু’মাস আগে দুই বন্ধুর সঙ্গে সে পেট্রাপোল সীমান্ত দিয়ে এরাজ্যে এসেছিল। তবে সে এদেশে আসার কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এরপরই বেআইনিভাবে অনুপ্রবেশের অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। রবিবার তাকে কাঁথি আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ