সংবাদদাতা, কাঁথি: সামগ্রিক উন্নয়নমূলক কাজের নিরিখে রামনগর-১ ব্লকের ন’টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রথম স্থান দখল করল পদিমা-১ পঞ্চায়েত। ব্লক প্রশাসন তথা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে রামনগরের আরএসএ ময়দানে অনুষ্ঠিত ‘নন্দিনী’ মেলার শেষ দিনে মঞ্চে প্রধান অশোক চন্দের হাতে শংসাপত্র সহ পুরস্কার তুলে দেন এলাকার বিধায়ক। সেখানে উপস্থিত ছিলেন বিডিও পূজা দেবনাথ, পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাইচরণ সার সহ অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা। অন্যান্য আটটি পঞ্চায়েতকে পিছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে পদিমা-১। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, পঞ্চদশ অর্থ কমিশন, স্বচ্ছ ভারত মিশন, বাংলা আবাস যোজনা, স্বনির্ভর গোষ্ঠীর কার্যকলাপ, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কাজ, পঞ্চায়েতের নিজস্ব তহবিলের ব্যবস্থাপনা, কর্মচারীদের একশো শতাংশ উপস্থিতি, এলাকার জনগণকে সরকারি পরিষেবা প্রদান, পানীয় জল, বিদ্যুতায়ন, বাল্যবিবাহ রোধ, নারী-শিশু সুরক্ষা নিরাপত্তা ও তাদের ক্ষমতায়ন, শিক্ষা-সংস্কৃতির মানোন্নয়ন, পঞ্চায়েত অফিস ও এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, সর্বোপরি দূষণমুক্ত পরিবেশ গড়ার কাজে এই পঞ্চায়েত উল্লেখযোগ্য কাজ করেছে। এই পঞ্চায়েতের মধ্যে দীঘা পর্যটন কেন্দ্র পড়ে। দীঘার উন্নয়নমূলক কাজেও এই পঞ্চায়েত অনেক কাজ করেছে। সামগ্রিক কাজের নিরিখে এই পুরস্কার। প্রধান বলেন, সেরার পুরস্কার পেয়ে খুবই ভালো লাগছে। এই সম্মান ধরে রেখে আগামীদিনে উন্নয়নমূলক কাজ ও অন্যান্য কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষের পাশে থাকব। বিডিও বলেন, পঞ্চায়েতগুলিকে কাজে উৎসাহিত করতে পারফরম্যান্সের ভিত্তিতে পুরস্কার দেওয়ার কর্মসূচি চালু করা হয়েছে। সেক্ষেত্রে পদিমা-১ সেরা হল।



