নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আরামবাগের শ্রীরামকৃষ্ণ সেতুর ফের স্বাস্থ্য পরীক্ষা করল পূর্তদপ্তর। কয়েক মাস আগে একবার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। শনিবার সেতুর পরিকাঠামো দেখেন পূর্তদপ্তরের ইঞ্জিনিয়াররা। এদিন দুপুরে স্বাস্থ্য পরীক্ষার কাজে ব্যবহৃত বিশেষ গাড়ি নিয়ে সেতুর অবস্থা খতিয়ে দেখা হয়। স্বাস্থ্য পরীক্ষা করতে আসেন পূর্তদপ্তরের রাজ্যের ইঞ্জিনিয়াররা। সঙ্গে ছিলেন আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভাণ্ডারী, মহকুমা শাসক রবি কুমার। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আরামবাগের পল্লিশ্রীতে দ্বারকেশ্বর নদের উপর শ্রীরামকৃষ্ণ সেতু বেশ পুরনো। সেতুর একাংশ বেহাল হয়ে পড়েছে। মেরামতির কাজ করছে পূর্তদপ্তর। কিন্তু, নিত্যদিন এই সেতুর উপর ভারী যান বাহনের চাপ বাড়ছে। তাই দ্বিতীয় আরএকটি সেতুর দাবিও দীর্ঘদিন ধরেই জানাচ্ছেন আরামবাগবাসী। কিন্তু, এব্যাপারে এখনও কোনও সদুত্তর পাওয়া যায়নি। এদিন স্বাস্থ্য পরীক্ষার জন্য সেতুতে যান নিয়ন্ত্রণ করে পুলিস। সেতুর উপরে কয়েক ঘণ্টা একমুখী যান চলাচল করে। মহকুমা প্রশাসনের এক আধিকারিক বলেন, সেতুর স্বাস্থ্য পরীক্ষা করেছেন পূর্ত দপ্তরের রাজ্য ও জেলাস্তরের ইঞ্জিনিয়াররা। কোথাও কোনও ত্রুটি রয়েছে কি না, তা তাঁরা খতিয়ে দেখেছেন। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পূর্তদপ্তর।



