Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রামগঞ্জে যানজট কমাতে সড়ক সম্প্রসারণের দাবি  

রামগঞ্জে যানজট কমাতে সড়ক সম্প্রসারণের দাবি
 
  • ৩০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইসলামপুর: যানজটে নাকাল ইসলামপুরের রামগঞ্জ বাজার এলাকার সর্বস্তরের মানুষ। ব্যবসায়িক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এলাকায় অব্যবস্থা নিয়ে প্রশাসনের কোনও উদ্যোগ নেই বলে অভিযোগ।
Advertisement
স্থানীয় পঞ্চায়েত সদস্য সিদ্দিক আলম বলেন, রাস্তার উপর টোটো, অটো দাঁড়িয়ে থাকে বলে যানজট বাড়ছে। পঞ্চায়েত থেকে টোটো স্ট্যান্ড করার চেষ্টা করলেও জায়গা পাওয়া যাচ্ছে না।
ইসলামপুর ও চোপড়ার প্রায় মাঝামাঝি এলাকায় ৩১ নং জাতীয় সড়ক লাগোয়া রামগঞ্জ। লক্ষ্মীপুর, কমলাগাঁও সুজালি, রামগঞ্জ ১ ও ২ পঞ্চায়েতের বাসিন্দারা রামগঞ্জ বাজারে কেনাবেচা করেন। শনি ও মঙ্গলবার হাটবারে ভিড় হয় সবচেয়ে বেশি। সংলগ্ন বিহার থেকেও অনেকে কেনাকাটার জন্য আসেন। এছাড়া রায়গঞ্জ, ইসলামপুর কিংবা শিলিগুড়ি থেকে ফিরে রামগঞ্জে বাস থেকে নামার পর টোটো, অটো ধরে অনেকে সুজালি, লক্ষ্মীপুর সহ একাধিক গ্রামে যান। জাতীয় সড়ক থেকে কালুগছ মোড় পর্যন্ত প্রায় এক কিমি রাস্তা সরু। সেখানে বাজার এলাকায় প্রচুর টোটো ও অটো দাঁড়িয়ে থাকার পাশাপাশি অন্য যানবাহন ঢুকলে থমকে যায় এলাকা। দীর্ঘদিনের এই সমস্যা থেকে এবার মুক্তি চান এলাকার বাসিন্দারা।
স্থানীয় ব্যবসায়ী সমিতির সভাপতি মহম্মদ হাসিরুদ্দিন বলেন, যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিস মোতায়নের দাবি জানালেও পদক্ষেপ নেওয়া হয়নি। কানাইয়ালাল আগরওয়াল ইসলামপুরের বিধায়ক থাকাকালীন তাঁর কাছেও দাবি জানিয়েছিলাম। বিধায়ক আবদুল করিমকে জানালেও কাজ হয়নি।  জনপ্রতিনিধিরা এই সমস্যা নিয়ে মাথা ঘামাচ্ছে না।
স্থানীয়রা মনে করছেন, সড়কের পাশে সরকারি জমি দখল করে যে সমস্ত দোকানপাট গজিয়ে উঠেছে, সেগুলিকে সরিয়ে দিলে সমাধান হতে পারে। নাহলে বাইপাস মেরামত করে চালু করলেও সুরাহা হবে।
স্থানীয় পঞ্চায়েত প্রধান ঝর্ণা রায় বলেন, পঞ্চায়েতের পক্ষে এই সমস্যা মেটানো সম্ভব নয়। পুলিস এবং প্রশাসনকে জানানো হয়েছে।
সম্পর্কিত সংবাদ