নিজস্ব প্রতিনিধি, আসানসোল: রেলে চাকরির নামে প্রতারণার ঘটনায় উত্তরপ্রদেশ থেকে আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতদের নাম দীনেশ কুমার ও প্রীতি অরোরা। দীনেশ আসানসোলের ডুরান্ড কলোনির বাসিন্দা, প্রীতি আসানসোলের সুকান্তপল্লির বাসিন্দা। পুলিসের দাবি, রেলের চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করা এই দু’জন উত্তরপ্রদেশের আশিয়ানা থানা এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকছিল। তদন্তে নেমে আসানসোল দক্ষিণ থানার পুলিস তাদের গ্রেপ্তার করে। ডিসি ধ্রুব দাস বলেন, দু’জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ট্রানজিট রিমান্ডে তাদের আসানসোলে আনা হচ্ছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই আসানসোলে রেলের চাকরির নাম করে একটি বড় প্রতারণার চক্রের পর্দাফাঁস করে পুলিস। পুলিস দু’জনকে গ্রেপ্তার করে। উদ্ধার হয় প্রচুর ভুয়ো নিয়োগপত্র, রেলের পরীক্ষার প্রশ্নপত্র। সেই ঘটনার তদন্তে নেমেই আরও দু’জনকে গ্রেপ্তার করল পুলিস। হীরাপুর থানার পুলিস একটি ছিনতাইয়ের ঘটনার কিনারা করেছে। তিন অভিযুক্তকে গ্রেপ্তার করার পাশাপাশি উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া ব্যাগ ও ট্যাব।



