সংবাদদাতা,বিষ্ণুপুর: বিষ্ণুপুরে রেলপুলিসের সহযোগিতায় ট্রেনে ফেলে যাওয়া ব্যাগ ফিরে পেলেন এক যাত্রী। সঞ্জিত চক্রবর্তী নামে বাঁকুড়ার নয়াদার বাসিন্দা এক যাত্রী রবিবার আসানসোল-খড়্গপুর ট্রেনে ব্যাগ না নিয়েই স্টেশনে নেমে পড়েন। খেয়াল হওয়ার আগেই ট্রেন ছেড়ে দেয়। তারপর তিনি রেল পুলিসকে বিষয়টি জানান। পরে গড়বেতায় ওই ব্যাগ নামানো হয়। সোমবার সেই ব্যাগ তাঁর হাতে তুলে দেওয়া হয়। ব্যাগ ফিরে পেয়ে সঞ্জিতবাবু খুশি। তিনি রেলপুলিসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাঁকুড়ার নয়াদার বাসিন্দা সঞ্জিতবাবু বলেন, রবিবার আমি পুরুলিয়ার মুরাড্ডিতে আত্মীয়ের বাড়ি থেকে আসানসোল-খড়্গপুর ট্রেনে করে বিষ্ণুপুরে দিদির বাড়ি আসছিলাম। রাত আটটা নাগাদ বিষ্ণুপুর স্টেশনে নামি। অন্যমনস্ক থাকায় স্টেশনে ব্যাগটি না নিয়েই ট্রেন থেকে নেমে পড়ি। ব্যাগে কিছু নগদ টাকা, দু’টি মোবাইল ছাড়াও জরুরি নথিপত্র ছিল। রেল পুলিসকে জানানোর পর ওঁরা গড়বেতা স্টেশনে আমার ব্যাগটি ট্রেন থেকে উদ্ধার করেন। সোমবার আমাকে ডেকে তা ফেরত দেওয়া হয়। বিষ্ণুপুর রেলপুলিসের ভারপ্রাপ্ত আধিকারিক অপূর্ব কুমার নাথ বলেন, রবিবার আসানসোল-খড়্গপুর ট্রেনে এক যাত্রী একটি ব্যাগ ফেলে যান। পরে তা উদ্ধার করা হয়। সোমবার তাঁকে ডেকে মোবাইল, টাকা সহ ব্যাগটি তাঁর হাতে তুলে দেওয়া হয়।



