সংবাদদাতা, দুর্গাপুর: অণ্ডালের পূর্ব রেলওয়ে হাসপাতালের শৌচাগার থেকে একজন রেলকর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম মৃত্যুঞ্জয় মাজি (৪৬)। তিনি কর্মসূত্রে রানিগঞ্জ থানার বল্লভপুর এলাকায় থাকতেন। মৃতের পরিবার ও সহকর্মীদের অভিযোগ, মৃত্যুঞ্জয়বাবুর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্মক্ষেত্রে তাঁকে মানসিক নির্যাতন করত। সেই কারণে মানসিক অবসাদে তিনি আত্মহত্যা করেছেন। ঘটনার প্রতিবাদে পরিবারের লোকজন ও সহকর্মীরা এদিন হাসপাতাল গেটের সামনে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে রেলের আধিকারিকরা পৌঁছলে তাঁদের ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। অণ্ডাল থানার পুলিস এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত্যুঞ্জয়বাবু বক্তারনগরে রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত ছিলেন। কিছুদিন আগে তাঁকে অণ্ডালের বীজরাপুলে বদলি করা হয়। শারীরিকভাবে অসুস্থও ছিলেন তিনি। সোমবার তাঁকে অণ্ডালের রেল হাসপাতালে ভর্তি করা হয়। এদিন সকালে ওই শৌচাগারে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিস।



