সংবাদদাতা, উলুবেড়িয়া: কৃষকদের চাষের সুবিধার্থে আরএলআই (রিভার লিফ্ট ইরিগেশন)-এর মাধ্যমে জমিতে সেচের জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছিল প্রশাসন। কিন্তু সেই আরএলআইয়ের বিদ্যুতের তারই চুরি হয়ে গিয়েছে। ফলে জমিতে জল দিতে না পেরে সমস্যায় পড়েছেন আমতা ১ ব্লকের রসপুর ভোজান সহ বিস্তীর্ণ এলাকার কৃষকরা। তাঁদের বক্তব্য, পুজোর আগে থেকে এই সমস্যা হলেও এখনও তার সুরাহা হয়নি। জানা গিয়েছে, আমতা ১ ব্লকে দামোদর তীরবর্তী এলাকার কৃষকদের চাষের জমিতে জল দেওয়ার সুবিধার্থে চার দশক আগে বেশ কয়েকটি আরএলআই তৈরি করা হয়। আগে আরএলআইয়ের মোটরগুলি ডিজেলে চলতো। কয়েক বছর আগে এগুলি বিদ্যুতে চালানোর উদ্যোগ নেওয়া হয়। কিন্তু দুর্গাপুজোর আগে রসপুর সহ কয়েকটি এলাকায় দুষ্কৃতীরা বিদ্যুতের তার চুরি করে নেওয়ার ফলে আরএলআই বন্ধ হয়ে যায়। জমিতে পর্যাপ্ত জল দিতে না পারায় ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়। উত্তর রসপুরের বাসিন্দা বনমালী ভাণ্ডারী জানান, প্রায় ৩৫০ ফুটের মতো তার চুরি হয়ে গিয়েছে। তাই জমিতে পর্যাপ্ত পরিমাণে জল দিতে পারা যাচ্ছে না। রবি ফসল থেকে সবজি– সব নষ্ট হয়ে যাচ্ছে। পাম্প অপারেটরকে অভিযোগ জানানো হলেও কোনও কাজ হয়নি। রসপুরের বাসিন্দা কাঞ্জিলাল হাবোড় জানান, তিনটি আরএলআইয়ের তার চুরি হয়েছে। জলের অভাবে চাষ মার খাচ্ছে। কৃষকেরা চাঁদা দিয়ে তার কেনার পরিকল্পনা করলেও দামের কারণে পিছিয়ে আসতে হচ্ছে। তবে আরএলআইয়ের তার চুরির বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উলুবেড়িয়ার মহকুমা শাসক মানসকুমার মণ্ডল।



